ইসলামাবাদ, এপ্রিল ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স/বিবিসি)- পাকিস্তানের উত্তর ওয়াজিরিস্তানে যুক্তরাষ্ট্রের দুটি চালকবিহীন বিমান থেকে নিক্ষিপ্ত ক্ষেপণাস্ত্র হামলায় সেনা কর্মকর্তাসহ অন্ততপক্ষে ১২ জন নিহত হয়েছেন।
শুক্রবার পাকিস্তানের আদিবাসী অঞ্চলের প্রধান শহর মিরানসাহ থেকে ২০ মাইল পূর্বে মির আলি শহরে এ ঘটনা ঘটে বলে পাকিস্তান কর্তৃপক্ষ জানিয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা রয়টার্সকে বলেন, "আমরা তথ্য সংগ্রহের চেষ্টা চালাচ্ছি, প্রাথমিক তথ্য অনুযায়ী এ ঘটনায় পাঁচজন সেনা কর্মকর্তা মারা গেছে"।
নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে অবশ্য অপর এক কর্মকর্তা জানান।
ইতোমধ্যে বিবিসি জানিয়েছে, এ ঘটনায় ১২ জনের মৃত্যু হয়েছে।
যুক্তরাষ্ট্রের শীর্ষ সেনা কর্মকর্তা অ্যাডমিরাল মাইক মুলেন ইসলামাবাদ সফরের ঠিক দু'দিন পরেই এ ঘটনা ঘটল।
মুলেন আফগান সীমান্তে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন বাহিনীর ওপর জঙ্গি হামলার ব্যাপারে উদ্বেগ প্রকাশ করেন।
আফগান সীমান্তবর্তী ওয়াজিরিস্তান তালেবান ও আল কায়েদার অভয়ারণ্য হিসেবে পরিচিত।
গত বছর ওই অঞ্চলে সন্দেহভাজন আল কায়েদা ও তালেবান জঙ্গিদের লক্ষ করে যুক্তরাষ্ট্র শতাধিক অভিযান পরিচালনা করেছে।
গত ১৭ মার্চ উত্তর ওয়াজিরিস্তানে মার্কিন চালকবিহীন বিমান হামলায় ৪০ জন নিহত হয়। তাদের অধিকাংশই ছিল সাধারণ নাগরিক।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএম/সিআর/১২৩০ ঘ.
bdnews24