২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিরিয়ায় হোমস শহরে নিরাপত্তা বাহিনী মোতায়েন

সিরিয়ার হোমস শহরে আরো বিক্ষোভের আশঙ্কায় নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Apr 2011, 01:10 PM

Updated : 24 Aug 2022, 02:55 PM

আম্মান, এপ্রিল ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-সিরিয়ার হোমস শহরে আরো বিক্ষোভের আশঙ্কায় নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে। একে-৪৭ রাইফেলে সজ্জিত সাদা পোশাকের নিরাপত্তা বাহিনীর সদস্যরা বুধবার রাতে শহরটিতে অবস্থান নিয়েছে বলে বৃহস্পতিবার জানিয়েছেন এক প্রত্যক্ষদর্শী। সোমবার ও মঙ্গলবার নিরাপত্তা পুলিশ ও প্রেসিডেন্ট আসাদের অনুগত আল-সাব্বিহা বাহিনীর বন্দুকধারীদের গুলিতে হমসে ২১জন সরকারবিরোধী নিহত হয়। এ ঘটনার পর থেকে শহরটিতে থমথমে অবস্থা বিরাজ করছে। শহরের বিপণীবিতানগুলো সোমবার থেকে বন্ধ আছে। নাম প্রকাশে অনিচ্ছুক ওই প্রত্যক্ষদর্শী জানান, বন্দুকধারীদের হামলার আশংকায় শহরবাসীরা সন্ত্রস্ত। তারা এলাকায় এলাকায় নিরস্ত্র পাহারার ব্যাবস্থা করেছে বলে জানান তিনি। তিনি হোমস শহরে যাওয়ার পথে নিরাপত্তা পুলিশের দুটি সড়ক অবরোধ পার হয়েছেন বলে জানান। "চারদিকে টানটান উত্তেজনা বিরাজ করছে। শুক্রবার আরেকটি ধর্মঘটের পরিকল্পনা করা হয়েছে," বলেন তিনি। অনলাইনে শুক্রবার বিক্ষোভের ডাক আসার পর শহরজুড়ে সাদা পোশাকধারী সেনা ও নিরাপত্তা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়। একইসঙ্গে শহরটিতে নতুন গভর্নর নিয়োগ করা হয়েছে বলে জানিয়েছে আল জাজিরা। ৭ এপ্রিলে বিক্ষোভকারীদের দাবি মেনে হোমস শহরের আগের গভর্নরকে অপসারণ করার পর নতুন গভর্নর ঘাসান আব্দুল আল কে নিয়োগ দেওয়া হলো। রাজনৈতিক স্বাধীনতা ও দুর্নীতি বন্ধের দাবিতে সিরিয়ায় ক্রমাগত বিক্ষোভ চলছে। ব্যাপক সংখ্যক বিক্ষোভকারী বুধবার হোমসের রাস্তায় রাস্তায় সরকার পতনের দাবিতে শ্লোগান দেয়। সিরিয়ার সরকার বিরোধী বিক্ষোভের নতুন কেন্দ্র হয়ে উঠা হোমস, দামেস্ক থেকে ১৬৫ কিলোমিটার উত্তরে অবস্থিত। গণ অসন্তোষ কমাতে প্রেসিডেন্ট আসাদ মঙ্গলবার ৪৮ বছর ধরে জারি থাকা জরুরি অবস্থা প্রত্যাহার করে নেন। কিন্তু বিরোধী রাজনীতিবিদরা বলছেন, এতেও সরকারের দমনপীড়ন বন্ধ হবে না। জরুরি অবস্থা প্রত্যাহারের কয়েক ঘন্টার মধ্যে মঙ্গলবার একজন বিশিষ্ট বামপন্থি রাজনীতিবিদ মাহমুদ ঈসাকে গ্রেপ্তার করা হয়। সিরিয়ান অবজারভেটরি আব হিউম্যান রাইটস জানায়, বিক্ষোভকারীদের সন্তুষ্ট করতে বানিআস শহরের নিরাপত্তা পুলিশ প্রধানকে বরখাস্ত করেছে সরকার। সরকার বিরোধী বিক্ষোভের মুখে গত সপ্তাহে বানিয়াস শহরটি সীল করে দেয় নিরাপত্তা বাহিনী। সেখানে প্রেসিডেন্ট আসাদের অনুগতরা একটি সুন্নি মসজিদ পাহারারত লোকজনের ওপর হামলা চালায়। মার্চের মাঝামাঝি সরকার বিরোধী বিক্ষোভ শুরু হওয়ার পর থেকে সিরিয়াজুড়ে এ পর্যন্ত ২'শ বিক্ষোভকারী নিহত হয়েছে বলে জানিয়েছে অধিকার আন্দোলনে জড়িত গ্র"পগুলো। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/এলকিউ/১৯০৭ঘ.