২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিডনিতে অভিবাসী আটক কেন্দ্রে বিক্ষোভ, অগ্নিসংযোগ

অস্ট্রেলিয়ার দক্ষিণ-পূর্ব ঊপকূলীয় শহর সিডনির একটি অবৈধ অভিবাসী আটক কেন্দ্রে বিক্ষুব্ধ বন্দিরা নয়টি ভবনে আগুন লাগিয়েছে। ভিডিও

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Apr 2011, 12:09 PM

Updated : 24 Aug 2022, 02:55 PM

ঢাকা, এপ্রিল ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অস্ট্রেলিয়ার দক্ষিণ-পূর্ব ঊপকূলীয় শহর সিডনির একটি অবৈধ অভিবাসী আটক কেন্দ্রে বিক্ষুব্ধ বন্দিরা নয়টি ভবনে আগুন লাগিয়েছে। বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, ভিলাউড আটক কেন্দ্রে প্রথমে দুই অবৈধ অভিবাসী বিক্ষোভ করে। বুধবার সন্ধ্যা নাগাদ তাতে যোগ দেয় একশ'র মতো মানুষ। তারা নয়টি ভবনে আগুন লাগিয়ে দেয়। দমকল বাহিনী আগুন নেভাতে গেলে তাদের ওপর ভবনের ছাদের টাইলস ও অন্যান্য জিনিস ছোড়ে বিক্ষুব্ধরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে দাঙ্গা পুলিশ ডাকা হয়। অস্ট্রেলিয়ার অভিবাসন বিভাগের মুখপাত্র স্যান্ডি লোগান বলেন, এ ঘটনায় কেউ হতাহত হয়নি। তিনি জানান, দমকলকর্মীদের আটক কেন্দ্রে ঢুকতে বেশ সময় লেগেছে। অস্ট্রেলিয়ায় অবৈধ অভিবাসী বাড়ার সঙ্গে সঙ্গে আটক কেন্দ্রগুলোতেও বিক্ষোভ বেড়ে চলেছে। প্রধানত শ্রীলঙ্কা, আফগানিস্তান ও ইরাক থেকে নৌকাযোগে অবৈধ অভিবাসীরা অস্ট্রেলিয়ায় প্রবেশ করায় ক্রিসমাস দ্বীপ এবং অন্যান্য আটক কেন্দ্রগুলোতে বন্দির সংখ্যা বেড়েছে ব্যাপকভাবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/এলকিউ/১৭৫১ ঘ.