২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লিবিয়ার মিসরাতায় দুই বিদেশি ফটো সাংবাদিক নিহত

লিবিয়ার অবরুদ্ধ মিসরাতা শহরে লড়াইয়ে দুই বিদেশি ফটো সাংবাদিকসহ অন্তত ১০ জন সাধারণ মানুষ নিহত হয়েছে। ভিডিও

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Apr 2011, 10:16 AM

Updated : 24 Aug 2022, 02:55 PM

মিসরাতা, এপ্রিল ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- লিবিয়ার অবরুদ্ধ মিসরাতা শহরে লড়াইয়ে দুই বিদেশি ফটো সাংবাদিকসহ অন্তত ১০ জন সাধারণ মানুষ নিহত হয়েছে। নিহত দুই বিদেশি ফটো সাংবাদিকের একজন ব্রিটেনের নাগরিক। নাম টিম হেথারিংটন। অস্কার-মনোনীত যুদ্ধ বিষয়ক প্রামাণ্যচিত্র 'রেসট্রেপো'র সহ-পরিচালক হিসাবে কাজ করেছেন তিনি। আর অপর বিদেশি সাংবাদিক একজন মার্কিন নাগরিক। নাম ক্রিস হন্ডরোস। মিসরাতায় বুধবার মর্টারের গোলার আঘাতে নিহত হন দুইজনই। মিসরাতার হাসপাতাল সূত্রে বলা হয়েছে, লড়াইয়ে ৭ লিবীয় নাগরিকসহ ইউক্রেনের এক ডাক্তারও নিহত হয়েছে। ফ্রান্স বুধবার লিবিয়ার বিদ্রোহীদের সহায়তা করাসহ লিবিয়ার সরকারি বাহিনীর ওপর হামলা বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছে।বিদ্রোহীদের পরমার্শ দেওয়ার জন্য ব্রিটেনের মতো সেখানে সামরিক কর্মকর্তাদেরও পাঠানোর প্রতিশ্রুতি দিয়েছে ফ্রান্স। লিবিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনে বলা হয়েছে, ত্রিপোলির খালাত আল-ফারজান এলাকায় ন্যাটো হামলায় কমপক্সে ৭ জন নিহত এবং ১৮ জন আহত হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে এ খবরের সত্যাসত্য যাচাই করা যায়নি। বিদ্রোহীদের মুখপাত্র আব্দুলরহমান জিনতান শহর থেকে টেলিফোনে জানিয়েছেন, নালুত শহরেও লড়াই চলছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৬১৪ ঘ.