ইসলামাবাদ, এপ্রিল ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- হাক্কানি জঙ্গি গোষ্ঠীর সঙ্গে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা ইন্টার-সার্ভিসেস ইন্টেলিজেন্স (আইএসআই) সম্পর্ক রেখে চলছে বলে অভিযোগ করেছেন যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক কর্মকর্তা।
মার্কিন সেনাবাহিনীর জয়েন্ট চিফস অব স্ট্যাফের চেয়ারম্যান অ্যাডমিরাল মাইকেল মুলেন বুধবার পাকিস্তানি দৈনিক ডনকে বলেন, "এটা স্পষ্ট যে, হাক্কানি নেটওয়ার্কের সঙ্গে আইএসআইয়ের দীর্ঘ দিনের সম্পর্ক রয়েছে।"
পাকিস্তান-যুক্তরাষ্ট্র সম্পর্কে এটা সবচেয়ে বড় বাধা-বলেন তিনি।
দুদেশের সম্পর্কের টানাপোড়েন নিরসনের প্রচেষ্টা হিসেবে বুধবার ইসলামাবাদ আসেন এ মার্কিন কর্মকর্তা।
মুলেন বলেন, "হাক্কানি নেটওয়ার্ক জঙ্গিদের সহায়তা, অর্থ ও প্রশিক্ষণ দিচ্ছে। আর সে সব জঙ্গি আমেরিকান ও যৌথবাহিনীর সদস্যদের হত্যা করছে।"
পাকিস্তানের নিরাপত্তা বাহিনী হাক্কানি নেটওয়ার্কের শক্ত ঘাঁটি উত্তর ওয়াজিরিস্তানে প্রয়োজনীয় অভিযান চালাচ্ছে না বলেও অভিযোগ করেন তিনি।
আশির দশকে সোভিয়েত বাহিনীর বিরুদ্ধে লড়াইয়ে আফগানিস্তানে জালালউদ্দিন হাক্কানিকে সমর্থনের পর থেকে হাক্কানি নেটওয়ার্কের সঙ্গে আইএসআই যোগাযোগ রক্ষা করে চলছে বলে অভিযোগ রয়েছে।
মার্কিন শীর্ষ সেনা কর্মকর্তার অভিযোগের প্রেক্ষিতে পাকিস্তানি গোয়েন্দা সংস্থার এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, "আমি জানি না তিনি কোন ধরনের সম্পর্কের কথা বলছেন। তিনি যদি বোঝাতে চান, আমরা তাদের সহায়তা ও নিরাপত্তা দিচ্ছি, তাহলে সেটা সত্য নয়। আপনি শত্র" হলেও আপনার সঙ্গে সম্পর্ক থাকতে পারে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/পিডি/২৩১৭ ঘ.
bdnews24