মেক্সিকো, এপ্রিল ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- মেক্সিকো উপসাগরে তেল দুর্ঘটনার এক বছর পূর্ণ হয়েছে। গত বছর ২০ এপ্রিলে ব্রিটিশ তেল কোম্পানি বিপির তেলের রিগ 'ডিপওয়াটার হরাইজন' বিস্ফোরণ থেকেই দুর্ঘটনার শুরু।
ওই বিস্ফোরণে প্রাণ হারায় ১১ জন। লাখ লাখ ব্যারেল তেল ছড়িয়ে পড়ে সাগরে। দূষিত হয় পরিবেশ। মারাত্মক হুমকি মুখে পড়ে সাগরের মৎস সম্পদ ও জীববৈচিত্র।
তেল দূষণের কবলে পড়ে যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা, মিসিসিপ অ্যালাবামা এবং ফ্লোরিডা উপকূল। ক্ষতিগ্রস্ত হয় প্রাণীকূল। যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে মারাত্মক বিপর্যয় ডেকে আনে এ তেল দুর্ঘটনা।
বিপি শুরু থেকেই তেল ছড়িয়ে পড়া ঠেকানোর চেষ্টা চালালেও শেষ পর্যন্ত তিনমাস পর তারা সফল হয়। কিন্তু এরই মধ্যে তেল নিঃসরণের কারণে যে ব্যাপক ক্ষয়ক্ষতি হয় তার জন্য ক্ষতিপূরণ দাবি করে ক্ষতিগ্রস্তরা।
এই ক্ষতিপূরণের অর্থ এখনো মেটাতে হচ্ছে বিপিকে। আর উপসাগরেও এখনো রয়েছে তেল। সগারের পানিতে, জলাভূমিতে, পলিতে এখনো মিশে রয়েছে তেল। সমুদ্রের জীববৈচিত্রের জন্য তা হুমকি হয়ে আছে এখনো।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/২২৩২ ঘ.
bdnews24