২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিরিয়ায় জরুরি অবস্থা প্রত্যাহারের পর বামপন্থি নেতা গ্রেপ্তার

সিরিয়ায় জরুরি অবস্থা প্রত্যাহার করার কয়েক ঘন্টার মধ্যেই গ্রেপ্তার করা হয়েছে বামপন্থি এক বিরোধীদলীয় নেতাকে। মঙ্গলবার মধ্যরাতে তাকে গ্রেপ্তার করা হয়। মানবাধিকার কর্মীরা বুধবার একথা জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Apr 2011, 10:25 AM

Updated : 24 Aug 2022, 02:55 PM

আম্মান, এপ্রিল ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- সিরিয়ায় জরুরি অবস্থা প্রত্যাহার করার কয়েক ঘন্টার মধ্যেই গ্রেপ্তার করা হয়েছে বামপন্থি এক বিরোধীদলীয় নেতাকে। মঙ্গলবার মধ্যরাতে তাকে গ্রেপ্তার করা হয়। মানবাধিকার কর্মীরা বুধবার একথা জানিয়েছে। সিরিয়ার বিশিষ্ট বামপন্থি রাজনীতিবিদ মাহমুদ ঈসাকে বাসা থেকে ধরে নিয়ে যায় পুলিশ। ঈসা বিশিষ্ট এক সাবেক রাজবন্দি। জরুরি অবস্থা তুলে নেওয়ার জন্য আইন পাসের ঘোষণা দেওয়ার পরপরই তাকে গ্রেপ্তার করাটা নিন্দনীয় বলে মন্তব্য করেছেন সিরিয়ার 'অবজারভেটরী ফর হিউম্যান রাইটস' এর প্রধান রমি আদেলরহমান। তিনি বলেন, "সিরিয়ায় জরুরি অবস্থা তোলাটা জরুরি ছিলো। কিন্তু অন্য আরো অনেক আইন আছে যেগুলো বাতিল করা উচিত। আর এ সমস্ত ব্যতিক্রমী আইনের আওতায় আটক হাজার হাজার রাজবন্দিকেও মুক্তি দেওয়া উচিত।" সিরিয়ায় ৪৮ বছর পর মঙ্গলবার জরুরি অবস্থা প্রত্যাহার করাসহ রাজবন্দিদের বিচারে গঠিত বিশেষ আদালত স্টেট সিকিউরিটি কোর্টও বিলুপ্ত করা হয়। এছাড়া শান্তিপূর্ণ বিক্ষোভ অনুমোদন দিয়ে নতুন একটি আইনও পাস হয়। কিন্তু নতুন আইন জরুরি আইনের মতোই কড়া প্রমাণিত হতে পারে বলে এখনো সংশয় রয়েছে। সরকার জরুরি অবস্থা প্রত্যাহারে আইন পাস করলেও দমনপীড়ন যে কমছে না তা ঈসা গ্রেপ্তারের ঘটনা থেকেই স্পষ্ট। আরব বিশ্বের অন্যান্য দেশে গণতান্ত্রিক অধিকারের দাবিতে চলমান আন্দোলনে অনুপ্রাণিত হয়ে বিক্ষোভ শুরু হয় সিরিয়াতেও। বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর সহিংসতায় এ পর্যন্ত দুইশ'র বেশি মানুষ নিহত হয়েছে বলে জানিয়েছে মানবাধিকার সংগঠনগুলো। মঙ্গলবার সকালেও হোমস শহরে বিক্ষোভে গুলি চালিয়েছে নিরাপত্তা বাহিনী। তবে তাতে হতাহতের বিষয়ে কিছু জানা যায়নি। রোববার সেখানে নিরাপত্তা বাহিনীর গুলিতে ১৭ জন নিহত হয়। রোববার জরুরি অবস্থা প্রত্যাহারের ঘোষণা দিয়ে আসাদ বলেন, আগামী সপ্তাহ নাগাদ জরুরি আইন প্রত্যাহার করা হবে। ক্ষমতাসীন বাথ পার্টির বিরুদ্ধে ১৮ মার্চ দেরায় প্রথম বিক্ষোভ হয়। বিক্ষোভে নিরাপত্তা বাহিনী সহিংসতা চালালে সারাদেশে ছড়িয়ে পড়ে বিক্ষোভ। ১৯৬৩ সাল থেকে বাথ পার্টির নেতারা সিরিয়ার রাষ্ট্রক্ষমতায় রয়েছে। ৩০ বছর রাষ্ট্রপ্রধান থাকার পর ২০০০ সালে হাফেজ আল-আসাদ মারা গেলে ক্ষমতায় বসেন তার ছেলে বাশার আল-আসাদ। শনিবার নতুন মন্ত্রিসভার সদস্যদের উদ্দেশে আসাদ বলেন, দেশে স্থিতিশীলতা ফিরিয়ে আনা সবচেয়ে গুরুত্বের বিষয়। নিজেদের শক্তি বাড়াতে সংস্কার প্রয়োজন। গত সপ্তাহে মন্ত্রিসভা ভেঙে নতুন মন্ত্রিসভা ঘোষণা করেন আসাদ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/এলকিউ/২৩৫৭ ঘ.