রাবাত, এপ্রিল ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- লিবিয়া পরিস্থিতি নিয়ে আলোচনা করতে সোমবার মরোক্কোয় গাদ্দাফির দূত হিসাবে সফরে গেছেন উপপররাষ্ট্রমন্ত্রী ওমরান বুকরা।
মরোক্কোর পররাষ্ট্রমন্ত্রী তায়েব ফাসি ফিরির সঙ্গে রাবাত এ ইতোমধ্যে সাক্ষাৎও করেছেন তিনি। রাষ্ট্রপরিচালিত টুএম টেলিভিশন একথা জানিয়েছে।
বৈঠকে বুকরা লিবিয়ায় মর্মান্তিক পরিস্থিতির বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত বিবরণ দিয়েছেন ফাসি ফিরিকে।
ওদিকে, ফিরিও বলেছেন, মরোক্কো মনে করে লিবিয়া সঙ্কটের সমাধান সামরিক পন্থায় হবে না। কেবল রাজনৈতিকভাবেই এর সমাধান হতে পারে।
সামনের দিকে তাকিয়ে লিবিয়ার জনগণকে গণতান্ত্রিকভাবে তাদের ভবিষ্যৎ নির্ধারণের সুযোগ দেওয়ার মধ্য দিয়ে সমস্যার সমাধান সম্ভব বলে জানান তিনি।
ফিরি একইসঙ্গে লিবিয়ার আঞ্চলিক অখন্ডতা এবং জাতীয় ঐক্যকে পুরোপুরি শ্রদ্ধা জানানোর ব্যাপারে মরোক্কোর প্রতিশ্র"তিও পুনর্ব্যক্ত করেন।
তবে তিনি বলেন, লিবিয়ায় বসবাসরত মরক্কোর জনগণের করুণ অবস্থা নিয়ে মরোক্কো সরকার ও জনগণ উদ্বিগ্ন।
মরোক্কোর পররাষ্ট্রমন্ত্রণালয়ের এক বিবৃতিতে একথা বলা হয়।
বুকরা কিভাবে রাবাত পৌঁছেছেন এ বিষয়ে মন্ত্রণালয় কিছু জানায়নি। নো ফ্লাই জোনের কারণে লিবিয়া থেকে ভ্রমণের ওপর কড়াকড়ি রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএম/এলকিউ/১৭০৪ ঘ.
bdnews24