ঢাকা, এপ্রিল ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও ফাস্ট লেডি মিশেল ওবামার বাৎসরিক আয় কমেছে। ওবামা দম্পতির তিন বছরের আয় পর্যালোচনা করে দেখা যায়, ২০০৮ সালে তাদের ২৬ লাখ ডলার ও ২০০৯ সালে তা বেড়ে ৫৫ লাখ ডলারে উন্নীত হলেও ২০১০ সালে তা অনেক কমে গেছে।
ওবামা দম্পতির আয়কর রিটার্নের নথি থেকে দেখা যায়, ২০১০ সালে তারা আয় করেছেন ১৮ লাখ ডলার। ওবামার লেখা বই বিক্রিই তাদের এ আয়ের মূল উৎস বলে বিবিসি জানায়।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসাবে বারাক ওবামার বাৎসরিক ভাতা ৩ লাখ ৯৫ হাজার ডলার। তবে তারা ৫ লাখ ডলারের বেশি ব্যয় করেছেন ফেডারেল ও স্থানীয় কর পরিশোধ করতে।
এছাড়া দাতব্য কাজে ব্যয় করেছেন আরো ২ লাখ ৪৫ হাজার টাকা।
সোমবার ওবামার কর রিটার্নের নথিপত্র প্রকাশ কওে হোয়াইট হাউজ। এসব নথিতে বারাক ওবামাকে কোথাও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট, আবার কোথাও সাহিত্যিক হিসাবে উল্লেখ করা হয়েছে।
বারাক ওবামা ১৯৯৫ সালে স্মৃতিকথা 'ড্রিমজ ফ্রম মাই ফাদার', ২০০৬ সালে রাজনৈতিক গ্রন্থ 'দি অডাসিটি অব হোপ' এবং সর্বশেষ 'অব দী আই সিং : এ লেটার টু মাই ডটারস' নামে শিশুতোষ একটি বই লেখেন।
ওবামা তার পূর্বসূরী জর্জ ডব্লিউ বুশের সময় পাস হওয়া উচ্চ আয়ের নাগরিকদের জন্য নিু হারে কর পরিশোধ আইনের সুবিধা পেয়েছেন। তবে তিনি নিজে এ আইনের বিরুদ্ধে।
তিনি বলেন, বর্তমানে বাজেট ঘাটতির পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র ধনীদের জন্য কর মওকুফ করার ক্ষমতা রাখে না।
ইলিনয় অঙ্গরাজ্যে নিজেদের কর পরিশোধ করেছেন ওবামা দম্পতি। ২০০৯ সালে ওয়াশিংটনে চলে আসার আগে এ অঙ্গরাজ্যেই একটি ছোট বাড়িতে বসবাস করতেন তারা।
অন্তত ৩৬টি দাতব্য কাজে দান করেছেন এ দম্পতি। এর মধ্যে সবচেয়ে বড় ছিলো ফিশার হাউজ ফাউন্ডেশনকে দেওয়া ১ লাখ ৩১ হাজার ৭৫ ডলারের অনুদানটি।
এ সংগঠনটি যুক্তরাষ্ট্রের নিরাপত্তা বাহিনীর আহত সদস্যদের পরিবারকে মানবিক সহায়তা দিয়ে থাকে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কিউএইচ/সিআর/১৪২০ ঘ.
bdnews24