ঢাকা, এপ্রিল ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্যক্তিগত সম্পত্তির অধিকারের বিষয়টি অনুমোদন দিতে যাচ্ছে কিউবা। তাহলে সমাজতান্ত্রিক দেশটির নাগরিকরা তাদের ঘর-বাড়ি কেনা-বেচা করতে পারবে।
বিবিসি জানায়, ১৯৫৯ সালে সমাজতান্ত্রিক বিপ্লবের পর প্রথমবারের মতো এ ধরনের সংস্কার করছে কিউবা। সোমবার কিউবার কমিউনিস্ট পার্টির কংগ্রেসে এ সিদ্ধান্ত হয়েছে।
গত ৫০ বছর ধরে কিউবায় বৈষয়িক সম্পত্তি শুধু সন্তানের কাছে হস্তান্তর করা যেত। আর অন্য কারো সঙ্গে সম্পত্তি বদলের প্রক্রিয়াটি ছিলো অত্যন্ত জটিল।
কংগ্রেসে সিদ্ধান্ত হলেও সম্পত্তি কেনা-বেচার বিষয়টি কীভাবে কার্যকর হবে, সে বিষয়ে বিস্তারিত কিছুই এখনো জানানো হয়নি।
তবে পরিবর্তনের পথে এগোলেও তার রাশও থাকবে বলে হুঁশিয়ারি দিয়েছেন রাউল কাস্ত্রো। তিনি বলেন, সম্পদলিপ্সা বরদাশত করা হবে না।
কংগ্রেসে রাউল আরো বলেন, শীর্ষ পর্যায়ের রাজনৈতিক পদে দুই মেয়াদে ১০ বছরের বেশি থাকা উচিৎ নয়।
চলমান কংগ্রেসে সোমবার বেশকিছু গুরুত্বপূর্ণ রাজনৈতিক সংস্কার কর্মসূচি অনুমোদিত হয়েছে।
রাষ্ট্রনিয়ন্ত্রিত সংবাদ সংস্থা জানিয়েছে, দলের নতুন নেতৃত্ব নির্বাচনের লক্ষ্যে সদস্যরা ভোটও দিয়েছেন। কিন্তু ভোটের ফলাফল জানা যায়নি।
কয়েকদশক ধরে দলকে নেতৃত্ব দেওয়ার পর এখন নিজ দলেও নতুন মুখ দেখতে চাইছেন কাস্ত্রো। শারীরিক অসুস্থতার কারণে কাস্ত্রো ২০০৮ সালে প্রেসিডেন্টের দায়িত্ব হস্তান্তর করেন ভাই রাউল কাস্ত্রোর হাতে।
কিন্তু এবার কমিউনিস্ট পার্টিতেও সংস্কারের উদ্যোগ নিচ্ছেন তিনি। দলের নেতৃত্বে পরিবর্তন আসছে সে কারণেই।
আর প্রেসিডেন্ট রাউল কাস্ত্রোর পরিকল্পনার আওতায় ৩০০'শরও বেশি সংস্কার প্রস্তাব ইতোমধ্যেই অনুমোদন পেয়েছে।
এর মধ্যে রয়েছে, ১০ লাখেরও বেশি সরকারি কর্মকর্তা কর্মচারী ছাঁটাই, বিভিন্ন খাতে ভর্তুকি হ্রাস, সরকারি প্রতিষ্ঠানগুলোকে স্বায়ত্বশাসন দেওয়া, ব্যক্তি উদ্যোগ এবং বিদেশি বিনিয়োগ উৎসাহিত করা, রাষ্ট্রীয় ব্যয় কমানো প্রভৃতি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১১১৯ ঘ.
bdnews24