লন্ডন, এপ্রিল ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- লিবিয়ায় স্থল সেনা পাঠানোর সম্ভাবনা রোববার নাকচ করেছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন।
জাতিসংঘ প্রস্তাবনায় অটল থাকাটা জরুরি এবং আরব বিশ্বকে বিচ্ছিন্ন করে ফেলে এমন কোনো উদ্যোগ থেকে বিরত থাকা উচিত বলে মন্তব্য করেন তিনি।
লিবিয়া অভিযানে সামরিক সহায়তা জোরদার করা প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে স্কাই নিউজে এক সাক্ষাৎকারে ক্যামেরন বলেন, "আমরা যা বলেছি তা হচ্ছে, আগ্রাসন বা দখলদারিত্বের কোনো প্রশ্ন নেই। আর ব্রিটেনেরও সেখানের মাটিতে বুট নামানোর ব্যাপার নেই।"
"আমাদেরকে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাবনায় অটল থাকতে হবে; এ ব্যাপারে আমাদের অবস্থান পরিস্কার। আর আরব বিশ্বের সমর্থনও আমাদেরকে ধরে রাখতে হবে", বলেন তিনি।
জাতিসংঘ প্রস্তাবনা ১৯৭৩ অনুযায়ী, লিবিয়ায় বেসামরিক নাগরিকদের রক্ষায় প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ নেওয়ার অনুমতি দেওয়া হলেও লিবিয়ার কোনো অংশে কোনো ধরনের বিদেশি দখলদার বাহিনী উপস্থিতির অনুমতি দেওয়া হয়নি।
ক্যামেরন বলেন, স্থলবাহিনী ছাড়া লিবিয়ায় অন্যান্য পন্থায় গাদ্দাফি বাহিনীকে রুখে দাঁড়ানোর চেষ্টা চলবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৯৪৫ ঘ.
bdnews24