২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তালেবানের সঙ্গে শান্তি প্রচেষ্টায় পাক-আফগান মতৈক্য

তালেবানের সঙ্গে শান্তি প্রচেষ্টা জোরদারে একমত হয়েছে পাকিস্তান ও আফগানিস্তান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Apr 2011, 11:42 AM

Updated : 24 Aug 2022, 02:54 PM

কাবুল, এপ্রিল ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- তালেবানের সঙ্গে শান্তি প্রচেষ্টা জোরদারে একমত হয়েছে পাকিস্তান ও আফগানিস্তান। শান্তি প্রচেষ্টায় গঠিত যৌথ কমিশনে দু'দেশের শীর্ষ সামরিক ও গোয়েন্দা কর্মকর্তাদের অন্তর্ভুক্ত করার ব্যাপারে শনিবার একমত হন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি ও আফগানিস্তানের সাবেক প্রেসিডেন্ট বুরহানউদ্দীন রব্বানি। রব্বানি আফগানিস্তানের পক্ষ থেকে তালেবানের সঙ্গে শান্তি প্রচেষ্টায় নেতৃত্ব দিচ্ছেন। আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাইয়ের সঙ্গে কাবুলে শনিবার এক যৌথ সাংবাদিক সম্মেলনে গিলানি বলেন, "আমি মনে করি, আজকের বৈঠক ঐতিহাসিক ও নজিরবিহীন। কারণ শান্তি প্রচেষ্টার সব অংশীদার এখনে উপস্থিত ছিলো।" পাকিস্তানের সামরিক বাহিনী এবং প্রভাবশালী গোয়েন্দা সংস্থা তালেবানদের পৃষ্ঠপোষকতা করে এবং তালেবানের সঙ্গে শান্তি প্রচেষ্টা ব্যাহত করে বলে প্রায়ই অভিযোগ করে থাকেন আফগান কর্মকর্তারা। গত অক্টোবরে রব্বানিকে পিস কাউন্সিলের দায়িত্ব দেন কারজাই। তালেবান সদস্যদের অব্যাহতি দিয়ে তাদের কর্মসংস্থানের সুযোগ দেওয়া এবং তালেবান নেতাদের তৃতীয় কোনো দেশে নির্বাসনে পাঠানোর মধ্যে দেশে শান্তি ফিরিয়ে আনার পরিকল্পনা রয়েছে কারজাইয়ের। ২০০১ সালে আফগানিস্তানে সামরিক অভিযান চালিয়ে তালেবান সরকারকে উৎখাত করে যুক্তরাষ্ট্র। তখন থেকে দেশটিতে তালেবানের সঙ্গে মার্কিন নেতৃত্বাধীন বহুজাতিক বাহিনী ও আফগান নিরাপত্তা বাহিনীর মধ্যে লড়াই চলছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/এলকিউ/১৭৩৮ ঘ.