২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রেগায় যাচ্ছে বিদ্রোহীরা, মিসরাতায় চলছে বোমাবর্ষণ

লিবিয়ার বিদ্রোহীরা ব্রেগা শহর অভিমুখে এগুচ্ছে। ওদিকে, মিসরাতা শহরে গাদ্দাফির অনুগত বাহিনীর মর্টার ও রকেট হামলা চলছে ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Apr 2011, 10:40 AM

Updated : 24 Aug 2022, 02:54 PM

আজদাবিয়া, লিবিয়া, এপ্রিল ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- লিবিয়ার বিদ্রোহীরা ব্রেগা শহর অভিমুখে এগুচ্ছে। ওদিকে, মিসরাতা শহরে গাদ্দাফির অনুগত বাহিনীর মর্টার ও রকেট হামলা চলছে । বিদ্রোহীরা জানিয়েছে, গাদ্দাফি অনুগতরা ব্রেগা শহরের কেন্দ্রস্থল দখল করে শক্ত অবস্থান গড়ে তুলেছে। তারা শহরের বাড়িগুলোতে অবস্থান নিয়েছে। মিসরাতা থেকে আজদাবিয়ায় ফিরে আসা ২০ বছর বয়সী বিদ্রোহী মোহাম্মেদ এল-মিসরাতি শনিবার জানান, "ব্রেগার উপকন্ঠে আমাদের লোকজন আছে, ওই এলাকাগুলো আমাদের নিয়ন্ত্রণে। কিন্তু শহরের ভিতরের দিকে আমাদের কোন নিয়ন্ত্রণ নেই।" ব্রেগা ও আজদাবিয়ার সংযোগকারী ৮০ কিলোমিটার সড়কটিতে কয়েকদিন ধরে বোমাবর্ষণ করছে গাদ্দাফি বাহিনী। কখনো দূর থেকে বোমা, গোলা ছুড়েেছ আবার কখনো কখনো গাড়ি দিয়ে কাছে এসে হামলা চালাচ্ছে। উন্মুক্ত উপকূলীয় এই সড়ক ধরে গাড়ি চালিয়ে আজদাবিয়া থেকে পশ্চিমে ব্রেগার দিকে যাওয়ার পথে শনিবার গাদ্দাফি বাহিনীর রকেট হামলায় ৬জন বিদ্রোহী নিহত ও ১৬জন আহত হয়। ওদিকে, পশ্চিম লিবিয়ায় বিদ্রোহীদের একমাত্র শক্তঘাঁটি মিসরাতা সাত সপ্তাহ ধরে অবরোধ করে রেখেছে গাদ্দাফি বাহিনী। ন্যাটোর বিমান হামলাও এ অবরোধ ভাঙতে পারেনি। অবরোধের কারণে বিচ্ছিন্ন হয়ে থাকা শহরটিতে কয়েকশ মানুষ মারা গেছে বলে ধারণা করা হচ্ছে। বিদ্রোহীদের একজন মুখপত্র জেমাল সালেম জানান, শনিবার গাদ্দাফি বাহিনী শহরটিতে অনবরত মর্টার ও রকেট হামলা চালিয়েছে। শহরটির একটি দুগ্ধ উৎপাদন কারখানা ও ভোজ্য তেল কারখানা লক্ষ্য করে এ হামলা চালানো হয় বলে জানান জেমাল। "সরকারি সেনারা এখনো আবাসিক এলাকার ওপর মর্টার শেল নিক্ষেপ করে যাচ্ছে। ত্রিপোলিতে রাস্তায় রাস্তায় সংঘর্ষ হচ্ছে। আজকে তিনজন মারা গেছে", জানান মিসরাতার প্রধান রাস্তায় দাঁড়িয়ে থাকা জামেল। আরেক জন বিদ্রোহী জানান, শনিবার সকালে গাদ্দাফি বাহিনী কমপক্ষে ১'শ গ্রাড রকেট নিক্ষেপ করে মিসরাতায়। তারা বন্দরের কাছে একটি কারখানা লক্ষ্য করে এ হামলা চালায় যেখানে অনেক লোক শহরটি ছাড়ার জন্য অপেক্ষা করছিল। শনিবার তিউনিসিয়ায় উপস্থিত হয়ে এক মিসরাতাবাসী জানান শহরটির যুদ্ধ পরিস্থিতি দিন দিন মারাত্মক হয়ে উঠছে। শহরটিতে খাদ্য সংকট দেখা দিচ্ছে বলে জানিয়েছেন তিউনিসিয়ায় উপস্থিত হওয়া শহরটির অপর এক বাসিন্দা। তিনি জানান, শহরের অনেক খাবারের দোকান বন্ধ হয়ে গেছে। বেকারিগুলোর সামনে দীর্ঘ লাইন লেগে আছে। তবে শহরবাসীরা একে অপরকে সহযোগিতা করার চেষ্টা করছে বলে জানান তিনি। তিনি বলেন, শহরজুড়ে ভয়াবহ সংঘর্ষ চলছে। শহরটির অধিকাংশ এলাকা কাদের নিয়ন্ত্রণে আছে এরকম প্রশ্নের উত্তরে তিনি জানান, উভয় বাহিনীর দখলে প্রায় সমান অংশ আছে। তারা আধাআধি দখল করে আছে শহরটি। তবে এ অবস্থা দ্রুতই পাল্টে যাবে বলে মনে করেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/এলকিউ/১৬৩৪ ঘ.