চার্লসটন, দক্ষিণ ক্যারোলিনা, এপ্রিল ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলে গত তিনদিনে টর্নেডোর তান্ডবে ২০জন নিহত ও বহুসংখ্যক মানুষ আহত হয়েছে।
বৃহস্পতিবার রাতে টর্নেডো প্রথম আঘাত হানে ওকলাহামায়, তারপর শুক্রবার যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলীয় রাজ্যগুলো লন্ডভন্ড করে শনিবার দেশটির দক্ষিণ উপকূূলে গিয়ে ঝড়টি দুর্বল হয়ে যায়।
প্রচণ্ড ঝড়ে বৃহস্পতিবার ওকলহামায় দুইজন, শুক্রবার আলাবামায় সাতজন, আরকানসাসে সাতজন ও মিসিসিপিতে একজনের মৃত্যু হয়েছে।
বাকি তিনজন শনিবার উত্তর ক্যারোলিনায় মারা গেছে।
জাতীয় আবহাওয়া বিভাগের আবহাওয়াবিদ জন রবিনসন জানান, আরকানসাসে নিহত সাতজনের মধ্যে ছয়জনেরই মৃত্যু হয়েছে ঝড়ে উপড়ে যাওয়া গাছপালার আঘাতে ঘর বাড়ি বিধ্বস্ত হয়ে।
নিহতদের মধ্যে তিনটি শিশু রয়েছে বলে জানান তিনি।
ঝড় পূর্বাভাস কেন্দ্রের আবহাওয়াবিদ গ্রেগ কার্বিন জানান, এপ্রিল মাসে যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলে এ ধরনের ঝড় খুব অস্বাভাবিক নয় ।
নর্থ ক্যারোলিনার রালেগ এলাকার একটি টায়ারের দোকানের মেকানিক ব্রায়ান জ্যাকসন জানান, শনিবার সন্ধ্যায় টর্নেডোর সময় তিনি তার ট্রাকে ও তার সহকর্মীরা ভেতরের দিকের একটি কক্ষে আশ্রয় নেন।
তিনি বলেন, "আমি দেখলাম ছাদ নড়ছে। এরপর তা আলাদা হয়ে উড়ে গেল।"
যুক্তরাষ্ট্রে সাধারনত মার্চ থেকে জুলাইয়ের শুরুর দিকে টর্নেডো হয়। টর্নেডোতে দেশটিতে প্রতি বছর গড়ে ৭০ জন মারা যায়।
১৯৭৪ সালে ৩-৪ এপ্রিল সবচেয়ে বড় টর্নেডো হয় যুক্তরাষ্ট্রে। এতে মোট নিহতের সংখ্যা ছিলো ৩০৭ জন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ /এবি/এলকিউ/১৬০০ ঘ.
bdnews24