হাভানা, এপ্রিল ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- কিউবায় নেতাদের মেয়াদ নির্দিষ্ট করার পরিকল্পনা হচ্ছে। সরকারে নতুন নেতৃত্ব আনাই এর লক্ষ্য বলে জানিয়েছেন রাউল কাস্ত্রো।
সমাজতান্ত্রিক এ দেশটির শাসক দল কমিউনিস্ট পার্টির কংগ্রেসে রাউল কাস্ত্রো শনিবার বলেন, "রাজনীতি ও রাষ্ট্রের শীর্ষ পর্যায়ে পাঁচ বছর মেয়াদে সর্বোচ্চ দুই বার থাকার বিষয় নির্ধারণের সুপারিশ করার সিদ্ধান্ত নিয়েছি আমরা।"
বর্তমানে কিউবার শীর্ষ পর্যায়ের অধিকাংশ নেতার বয়স ৭০ থেকে ৮০ বছরের মধ্যে। বড় ভাই ফিদেল কাস্ত্রোর কাছ থেকে দায়িত্ব নেওয়া রাউলের বয়সও ৭৯ বছর।
তবে বর্তমান নেতাদের স্থানে আসার মতো পর্যাপ্ত প্রশিক্ষিত, অভিজ্ঞ ও প্রজ্ঞাসম্পন্ন নেতার অভাব রয়েছে বলে কিউবার প্রেসিডেন্ট রাউল মনে করেন।
তিনি বলেন, মেয়াদ নির্ধারণের বিষয় থেকে তিনিও বাদ যাবেন না।
তবে এ কংগ্রেসে নয়, আগামী জানুয়ারি মাসে অনুষ্ঠেয় দলের সম্মেলনে এ বিষয়টি উঠবে বলে জানান তিনি।
পাঁচ দশকেরও বেশি সময় ধরে ফিদেল ও তার ছোট ভাই রাউল কিউবার নেতৃত্ব দিচ্ছেন। ১৯৫৯ সালে বিপ্লবের মাধ্যমে ফিদেল ক্ষমতা নেন।
দেশটির প্রথম ভাইস প্রেসিডেন্ট জুয়ান মাচাদো ভেনচুরার বয়স ৮০ বছর আর দ্বিতীয় ভাইস প্রেসিডেন্ট রামিরো ভালদেসের বয়স ৭৭ বছর।
রাউল বলেন, "এটি খুবই বিব্রতকর একটি বিষয় যে ৫০ বছর পেরিয়ে গেলেও আমরা এ সমস্যার সমাধান করতে পারিনি।"
১ হাজার প্রতিনিধির এ কংগ্রেসে প্রধান আলোচ্য বিষয় অর্থনৈতিক সংস্কার। কিউবা বিপ্লবের নেতা ফিদেল (৮৪) এ কংগ্রেসে যোগ দেননি।
কংগ্রেসে রাউল জানান, গত ১৪ বছরের মধ্যে এবারই প্রথমবারের মতো প্রস্তাবিত ৩১১টি সংস্কারের বিষয় চারদিনব্যাপী কংগ্রেসে বিবেচনা করা হবে।
প্রস্তাবিত এই সংস্কারের ফলে দেশটিতে রাষ্ট্রীয় হস্তক্ষেপ কমবে ও ব্যক্তিগত খাতের পরিধি বাড়বে বলে মনে করা হচ্ছে।
কংগ্রেসে রাউল কিউবার কমিউনিস্ট পার্টির সম্পাদক হিসেবে নির্বাচিত হবেন বলে ধারণা করা হচ্ছে। ফিদেল এতদিন এ পদে ছিলেন। স
bdnews24