জাতিসংঘ, এপ্রিল ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইরাকের ক্যাম্প আশরাফে সেনাবাহিনীর চালানো অভিযানের বিষয়ে স্বাধীন তদন্তের আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রধান নাভি পিল্লাই।
শুক্রবার সেনাবাহিনীর ওই অভিযানে ৩৪ জন নিহত হয়েছে বলে দাবি করেছে জাতিসংঘ। তবে ইরাকি সেনাবাহিনী দাবি করেছে, এ অভিযানে তিনজন নিহত হয়েছে।
পিল্লাই বলেন, "অবশ্যই এর একটি পূর্ণাঙ্গ, স্বাধীন ও স্বচ্ছ তদন্ত হওয়া উচিত। এ ঘটনার সঙ্গে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে সে ব্যক্তির বিচার হওয়া উচিত।"
জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রধান জানান, ক্যাম্প আশরাফে এ অভিযানে সাত বা তার চেয়ে বেশি সংখ্যক নারীসহ কমপক্ষে ৩৪ জনের নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করা সম্ভব হয়েছে।
এদের অধিকাংশকেই গুলি করে হত্যা করা হয়েছে। আর কয়েকজনকে মনে হচ্ছে গাড়ি চাপা দিয়ে হত্যা করা হয়েছে।
এক বিবৃতিতে পিল্লাই জানান, ক্যাম্পটিতে অভিযান চালানোর ঝুঁকির বিষয়ে ইরাকের সেনাবাহিনী সতর্ক ছিল।
২০০৯ সালে একই ক্যাম্পে নিরাপত্তা বাহিনীর চালানো অভিযানে ১১ জন নিহত ও বেশ কয়েকজন আহত হয় বলেও জানান তিনি।
সেনা অভিযানের পর ক্যাম্পটিতে মার্কিন সেনাবাহিনী ও দূতবাসের কর্মকর্তাদের দেখা বিষয়গুলো কংগ্রেসে তুলে ধরতে ১৯ মার্কিন সাংসদের একটি দল ওবামা প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছে।
বাগদাদের উত্তরাঞ্চলীয় দিয়ালা প্রদেশে অবস্থিত ক্যাম্পটি মূলত ইরানের নির্বাসিত গোষ্ঠী পিপল'স মুজাহেদিন অর্গানাইজেশন অব ইরানের (পিএমওআই) ঘাঁটি।
ইরানের বিরুদ্ধে যুদ্ধকারী ইরাকের সাবেক প্রেসিডেন্ট সাদ্দাম হোসেন ১৯৮০'র দশকে পিএমওআইকে নিজ দেশে আমন্ত্রণ জানান। তিনি এ গোষ্ঠীকে অর্থসহ অস্ত্র দিয়েও সহায়তা করেন।
পরবর্তী সময়ে এই গোষ্ঠীটি ইরাকের সেনাবাহিনীর পাশাপাশি ইরানের বিরুদ্ধে যুদ্ধ করে। মার্কিন সেনাবাহিনী সাদ্দামকে উচ্ছেদ করার পর ২০০৩ সালে এ গোষ্ঠীটি তাদের কাছে অস্ত্র সমর্পন করে।
২০০৯ সালে মার্কিন সেনাবাহিনী এ গোষ্ঠীর দায়িত্ব ইরাকের শিয়া নেতৃত্বাধীন সরকারের হাতে ন্যস্ত করে।
যুক্তরাষ্ট্র ও ইরান এ গোষ্ঠীকে সন্ত্রাসী সংগঠন বলে দাবি করে আসছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/সিআর/১২৩৯ ঘ.
bdnews24