২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফুকুশিমা কেন্দ্রের ২৮ কর্মী উচ্চমাত্রার তেজস্ক্রিয়া আক্রান্ত

জাপানের ক্ষতিগ্রস্ত ফুকুশিমা পরমাণু বিদ্যুৎকেন্দ্রের ২৮ কর্মী উচ্চমাত্রার তেজস্ক্রিয়ায় আক্রান্ত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Apr 2011, 05:23 PM

Updated : 24 Aug 2022, 02:53 PM

ভিয়েনা, এপ্রিল ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- জাপানের ক্ষতিগ্রস্ত ফুকুশিমা পরমাণু বিদ্যুৎকেন্দ্রের ২৮ কর্মী উচ্চমাত্রার তেজস্ক্রিয়ায় আক্রান্ত হয়েছে। জাপানি কর্মকর্তাদের বরাত দিয়ে আন্তর্জাতিক আনবিক শক্তি সংস্থা (আইএইএ) শুক্রবার বলেছে, ভূমিকম্প ও সুনামিতে ক্ষতিগ্রস্ত ফুকুশিমা পরমাণু বিদ্যুৎকেন্দ্রটি নিয়ন্ত্রণে তিনশ' কর্মী নিয়োগ করা হয়েছিলো। তাদের মধ্যে ২৮ জন ১০০ মিলিসিভার্টসের চেয়ে বেশি মাত্রার তেজস্ক্রিয়ায় আক্রান্ত হয়েছেন। ১৭০-১৮০ মিলিসিভার্টস তেজস্ক্রিয়ায় আক্রান্ত দুই কর্মীকে গত মাসে হাসপাতালে ভর্তি করা হয়। পায়ে তেজস্ক্রিয় পানি লেগে অসুস্থ হয়ে পড়েছিলেন তারা। বিশেষজ্ঞদের মতে, একজন কর্মী পাঁচ বছর ধরে একটি পরমাণু বিদ্যুৎকেন্দ্রে কাজ করলে ৫০ মিলিসিভার্টস তেজস্ক্রিয়া আক্রান্ত হওয়ার আশঙ্কা থাকে। এদিকে কেন্দ্রটি পরিচালনাকারী প্রতিষ্ঠান টোকিও ইলেকট্রিক পাওয়ার কর্পোরেশনকে (টেপকো) ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ক্ষতিপূরণ দেওয়ার জন্য নির্দেশ দিয়েছে জাপান সরকার। বিবিসি জানিয়েছে, কেন্দ্রটির চারপাশের ৩০ কিলোমিটারের মধ্যের ৪৮ হাজার পরিবার এ ক্ষতিপূরণ পাবে। প্রাথমিকভাবে প্রতি পরিবারকে ১২ হাজার ডলার (১০ লাখ ইয়েন) দেওয়া হবে। ক্ষতিপূরণ দেওয়া শুরু হবে ২৮ এপ্রিল। জাপানের মন্ত্রিপরিষদের মুখ্যসচিব ইউকিয়ো এদানো বলেন, "প্রতি পরিবার ১০ লাখ ইয়েন ক্ষতিপূরণ পাবে। আমরা মনে করি, সাময়িক ক্ষতিপূরণ হিসেবে এটা তাদের দরকার।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/জেকে/২৩১৬ ঘ.