ঢাকা, এপ্রিল ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন এবং ফ্রান্সের প্রেসিডেন্ট নিকোলা সারকোজি বলেছেন, লিবিয়ার শাসক মুয়াম্মার গাদ্দাফিকে অবশ্যই ক্ষমতা থেকে সরে দাঁড়াতে হবে।
যুক্তরাজ্যের টাইমস, ইন্টারন্যাশনাল হেরাল্ড ট্রিবিউন ও ফ্রান্সের ল্যঁ ফিগারোয় শুক্রবার প্রকাশিত এক যুক্ত বিবৃতিতে নেতারা বলেন, গাদ্দাফিকে ক্ষমতায় থাকতে দিলে তা হবে লিবীয় জনগণের সঙ্গে প্রতারণা।
এদিকে ফ্রান্সের প্রতিরক্ষামন্ত্রী জেরার্ড লঙ্গেট বলেছেন, লিবিয়া অভিযানের লক্ষ্য অর্জনের জন্য জাতিসংঘ নিরাপত্তা পরিষদের নতুন সিদ্ধান্ত প্রয়োজন হতে পারে।
জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ১৭ মার্চ লিবিয়ায় উড্ডয়ন-নিষিদ্ধ এলাকা প্রতিষ্ঠা এবং গাদ্দাফির অনুগত বাহিনীর হাত থেকে বেসামরিক নাগরিকদের রক্ষায় 'প্রয়োজনীয় সব ব্যবস্থা' নেওয়ার সিদ্ধান্ত হয়।
সে অনুযায়ী ১৯ মার্চ লিবিয়ায় বিমান ও ক্ষেপণাস্ত্র চালানো শুরু করে পশ্চিমা যৌথবাহিনী।
জাতিসংঘ প্রস্তাবে লিবিয়ায় সরকার পরিবর্তন বা গাদ্দাফিকে ক্ষমতাচ্যুৎ করার কোনো কথা না থাকলেও ওবামা, ক্যামেরন ও সারকোজির বিবৃতির প্রেক্ষিতে নিরাপত্তা পরিষদের এই নতুন সিদ্ধান্তের প্রয়োজনীয়তার কথা বললেন ফরাসি মন্ত্রী।
বিবৃতিতে তিন পরাশক্তির নেতারা বলেন, "গাদ্দাফিকে ক্ষমতায় রেখে লিবিয়ার ভবিষ্যৎ কল্পনা অসম্ভব।
"গাদ্দাফি যতোদিন ক্ষমতায় থাকবেন ততোদনি ন্যাটো ও তার জোট অংশীদাররা বেসামরিক নাগরিকদের রক্ষায় এবং সরকারের ওপর চাপ প্রয়োগে অভিযান চালিয়ে যাবে।"
এদিকে লিবিয়া অভিযান নিয়ে বার্লিনে ন্যাটোভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা বৈঠকে বসেছেন। অভিযানে আরো যুদ্ধবিমান নিয়োজিত করার জন্য জোটের অন্য দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছে যুক্তরাজ্য ও ফ্রান্স।
২৮ সদস্যের এ সামরিক এ জোটের এখন পর্যন্ত ফ্রান্স, যুক্তরাজ্য, কানাডা, বেলজিয়াম, নরওয়ে ও ডেনমার্কসহ গুটিকয়েক দেশ অভিযানে অংশ নিচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/জেকে/২০৪৭ ঘ.
bdnews24