২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরাকে ক্যাম্প আশরাফে সেনা অভিযান, নিহত ৩৪

ইরাকের ক্যাম্প আশরাফে শুক্রবার সেনাবাহিনীর চালানো অভিযানে ৩৪ জন নিহত হয়েছে বলে জাতিসংঘ জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Apr 2011, 08:56 AM

Updated : 24 Aug 2022, 02:53 PM

ঢাকা, এপ্রিল ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইরাকের ক্যাম্প আশরাফে শুক্রবার সেনাবাহিনীর চালানো অভিযানে ৩৪ জন নিহত হয়েছে বলে জাতিসংঘ জানিয়েছে। তবে ইরাকি সেনাবাহিনী দাবি করেছে, এ অভিযানে তিনজন নিহত হয়েছে। বিবিসি অনলাইন জানায়, বাগদাদের উত্তরাঞ্চলীয় দিয়ালা প্রদেশে অবস্থিত ক্যাম্পটি মূলত ইরানের নির্বাসিত গোষ্ঠী পিপল'স মুজাহেদিন অর্গানাইজেশন অব ইরানের (পিএমওআই) ঘাঁটি। জাতিসংঘের মানবাধিকার সংস্থার মুখপাত্র রুপার্ট কোলভিল জানান, পর্যবেক্ষকদের একটি দল ক্যাম্পটিতে ২৮ টি মৃতদেহ দেখতে পেয়েছে, যার মধ্যে বেশ কয়েকজন নারীও রয়েছেন। এদের অধিকাংশকেই গুলি করে হত্যা করা হয়েছে। আরো ছয়টি মৃতদেহ উদ্ধার করা যায়নি বলেও জানান তিনি। কোলভিল বলেন, "এটি স্পষ্টতই একটি গুরুতর ঘটনা এবং এ বিষয়ে আমরা আরো তথ্য সংগ্রহ করার চেষ্টা করছি।" ইরাকের কর্মকর্তারা জানান, পাথর নিক্ষেপকারীদের প্রতিহত করতে শুক্রবার সেনাবাহিনী ক্যাম্পটিতে প্রবেশ করে। এ সংঘর্ষ সীমিত আকারের ছিল বলেও তারা দাবি করেন। তবে পিএমওআই জানিয়েছে, অভিযানটি ছিলো সশস্ত্র যানবাহন নিয়ে পুরো মাত্রার সামরিক হামলা। এতে তিনশ' ব্যক্তি আহত হয়েছে বলেও জানায় তারা। অভিযানের বিষয়ে তদন্ত করা হবে বলে ইরাকের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে। এদিকে ক্যাম্পে বাসবাসকারী অপর ব্যক্তিদের রক্ষায় যুক্তরাষ্ট্র ও জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়ে ১শ'রও বেশি ইউরোপীয় সাংসদ এক বিবৃতিতে স্বাক্ষর করেছেন। ইরানের বিরুদ্ধে যুদ্ধকারী ইরাকের সাবেক প্রেসিডেন্ট সাদ্দাম হোসেন ১৯৮০'র দশকে পিএমওআইকে নিজ দেশে আমন্ত্রণ জানান। তিনি এ গোষ্ঠীকে অর্থসহ অস্ত্র দিয়েও সহায়তা করেন। পরবর্তী সময়ে এই গোষ্ঠীটি ইরাকের সেনাবাহিনীর পাশাপাশি ইরানের বিরুদ্ধে যুদ্ধ করে। ২০০৯ সালে মার্কিন সেনাবাহিনী এ গোষ্ঠীর দায়িত্ব ইরাকের শিয়া নেতৃত্বাধীন সরকারের হাতে ন্যস্ত করে। যুক্তরাষ্ট্র ও ইরান এ গোষ্ঠীকে সন্ত্রাসী সংগঠন বলে দাবি করে আসছে। ইরাকের সরকারের মুখপাত্র আলি আল-দাব্বাগ এ সপ্তাহের শুরুতে এক বিবৃতিতে বলেন, "জাতিসংঘ ও আন্তর্জাতিক সংস্থাগুলোর সহায়তায় রাজনৈতিক ও কূটনৈতিক কিংবা যেকোন পদ্ধতিইে হোক না কেন, ইরাক থেকে এ সংগঠনটিকে সরিয়ে দেওয়া হবে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/সিআর/১৪৪৩ ঘ.