২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সবচেয়ে বেশি বয়সী মানুষ ব্রিউনিং আর নেই

বিশ্বের সবচেয়ে বেশি বয়সী মানুষ ওয়াল্টার ব্রিউনিং আর নেই। যুক্তরাষ্ট্রের মন্টানায় ১১৪ বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Apr 2011, 06:35 AM

Updated : 24 Aug 2022, 02:53 PM

ঢাকা, এপ্রিল ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিশ্বের সবচেয়ে বেশি বয়সী মানুষ ওয়াল্টার ব্রিউনিং আর নেই। যুক্তরাষ্ট্রের মন্টানায় ১১৪ বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। গ্রেট ফলসের হাসপাতালে সাবেক রেলওয়ের কেরানী ব্রিউনিং বার্ধক্যজনিত কারণে স্বাভাবিকভাবেই মারা গেছেন বলে বিবিসি অনলাইন জানায়। দীর্ঘজীবনের অভিজ্ঞতা থেকে তিনি অন্যদের প্রতি উপদেশ দিয়ে গেছেন, 'মৃত্যুর জন্যই জন্মেছো তুমি'। ইরাক ও আফগানযুদ্ধের পরিসমাপ্তি দেখে যেতে চেয়েছিলেন তিনি। কিন্তু তার সে সাধ পূর্ণ হলো না। দীর্ঘ সময় ধরে সুস্বাস্থ্যের অধিকারী ওয়াল্টার দিনে দুইবার খাদ্যগ্রহণ করতেন। গত বছরের অক্টোবরে এপিকে দেওয়া এক সাক্ষাৎকারে তাকে প্রশ্ন করা হয়, "নিজেদের ওজন নিয়ন্ত্রণে রাখতে না পারার কথা এদেশে কতজন মানুষ আপনাকে বলেছে?" উত্তরে ব্রিউনিং বলেন, "আমি তাদের বলেছি, একটি খাদ্যশৃঙ্খলা মেনে চলতে। এক সময় দেখবে তোমার শরীর নিয়ন্ত্রণে এসেছে, তুমি ভালো বোধ করছো।" ১৯৮০ সাল থেকে তিনি অবসরকালীন যে বাড়ি পেয়েছেন সেখানেই বসবাস করছিলেন। ১৯৫৭ সালে তার ৩৫ বছর বয়সী স্ত্রী কোনো সন্তানের জন্ম না দিয়েই মারা যান। স্ত্রীর স্মৃতিচারণ করতে গিয়ে তিনি বলেছিলেন, "আমরা একসঙ্গে ভালোই ছিলাম। সে (স্ত্রী) টাকা খরচ করা পছন্দ করতো না।" ব্রিউনিং তার সাক্ষাৎকারে বলেছিলেন, "আমরা মৃত্যুর দিকেই এগিয়ে যাচ্ছি। কিছু মানুষ মৃত্যু সম্পর্কে অহেতুক ভীতি ছড়ায়। মৃত্যুকে কখনোই ভয় পাবে না। কারণ আমরা জন্মেছি, মরবো বলে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১২২৩ ঘ.