২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ত্রিপোলিতে ন্যাটোর বিমান হামলা

লিবিয়ার রাজধানী ত্রিপোলিতে ন্যাটোর বিমান হামলায় হতাহতের খবর জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Apr 2011, 05:34 PM

Updated : 24 Aug 2022, 02:53 PM

আলজিয়ার্স, এপ্রিল ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- লিবিয়ার রাজধানী ত্রিপোলিতে ন্যাটোর বিমান হামলায় হতাহতের খবর জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন। বৃহস্পতিবার আল লিবিয়া টিভির খবরে বলা হয়, "ত্রিপোলিতে এখন বিমান হামলা হচ্ছে। বহু বেসামরিক মানুষ হতাহত হয়েছে।" ওদিকে, পশ্চিমাঞ্চলীয় শহর মিসরাতায় গাদ্দাফির অনুগত বাহিনীর হামলা থেকে বেসামরিক নাগরিকদের রক্ষায় ন্যাটোর বিমান হামলা জোরদার করার আহ্বান জানিয়েছে বিদ্রোহী বাহিনী। বিদ্রোহীরা বলছে, মিসরাতায় সরকারি বাহিনীর রকেট হামলায় অন্তত ২৩ জন বেসামরিক মানুষ মারা গেছেন। নিহতদের বেশিরভাগই নারী ও শিশু। রয়টার্স জানিয়েছে, বৃহস্পতিবার রাজধানীতে চারটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে এবং শহরের দক্ষিণপূর্ব দিকের আকাশে ধোঁয়া দেখা গেছে। বিস্ফোরণের আগে-পরে বিমান বিধ্বংসী কামানের গোলার শব্দ পাওয়া যায় বলেও জানিয়েছে রয়টার্স। ত্রিপোলিতে গাদ্দাফির অনুগত বাহিনী বিমান বিধ্বংসী গোলা ছুড়ছে বলে তাদের খবরে উল্লেখ করা হয়। লিবিয়ায় উড্ডয়ন-নিষিদ্ধ এলাকা প্রতিষ্ঠা এবং গাদ্দাফির অনুগত বাহিনীর হাত থেকে বেসামরিক জনগণকে রক্ষায় 'প্রয়োজনীয় সব পদক্ষেপ' নিতে জাতিসংঘের সিদ্ধান্ত অনুযায়ী সেখানে অভিযান চালাচ্ছে ন্যাটো। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/জেকে/২৩২১ ঘ.