সানিয়া, চীন, এপ্রিল ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- লিবিয়ায় পশ্চিমা বিমান হামলার সমালোচনা করেছে বিশ্বের উঠতি অর্থনৈতিক শক্তিগুলোর জোট ব্রিকস (বিআরআইসিএস)।
ব্রিকসের পাঁচ সদস্য রাষ্ট্র ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকা চীনের দক্ষিণাঞ্চলীয় শহর সানিয়ায় এক শীর্ষ সম্মেলন থেকে বিমান হামলার সমালোচনা করা হয় বলে বৃহস্পতিবার এক সরকারি সূত্র জানায়।
তবে ওই সূত্র কোন দেশের প্রতিনিধি তা উল্লেখ না করার শর্তে সংবাদ সংস্থা রয়টার্সের সাথে কথা বলেন।
সম্মেলনে জোটভুক্ত পাঁচ সদস্যরাষ্ট্রের সরকার প্রধানরা অংশ নিচ্ছেন।
তিনি জানান, সম্মেলনে উপস্থিত প্রত্যেক দেশের শীর্ষ প্রতিনিধিরা লিবিয়ায় পশ্চিমা শক্তিগুলোর বিমান হামলার নিন্দা জানান।
এসময় ব্রিকস নেতৃবৃন্দ বিমান হামলায় ক্ষতিগ্রস্ত ও আহত লিবিয়ার সাধারণ নাগরিকদের ব্যাপারে উদ্বেগ প্রকাশ করেন।
সূত্র জানায়, লিবিয়ায় 'উড্ডয়ন নিষিদ্ধ এলাকা' ঘোষণার লক্ষ্যে জাতিসংঘে ভোটাভুটিতে দক্ষিণ আফ্রিকা পক্ষে ভোট দিলেও সমালোচনায় তারাও অংশ নেয় এবং হামলার নিন্দা জানায়।
মার্চ মাস থেকে পশ্চিমা যুদ্ধবিমানগুলো লিবিয়ায় গাদ্দাফি অনুগত বাহিনীর ওপর হামলা চালানো শুরু করে।
বিভিন্ন দেশ ও লিবিয়ার বিদ্রোহীরা আহ্বান জানানোর পরও যুদ্ধরত গাদ্দাফি ক্ষমতা ছাড়তে অস্বীকার করে এবং গাদ্দাফি অনুগত বাহিনী বিদ্রোহীদের সাথে সর্বাত্মক যুদ্ধে জড়িয়ে পড়ে।
চীন, রাশিয়া, ভারত, ব্রাজিল ও অন্যান্য উন্নয়নশীল রাষ্ট্র লিবিয়ায় যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন ওই হামলার নিন্দা জানায়।
ব্রিকভুক্ত রাষ্ট্রগুলো এই শীর্ষ সম্মেলনে বিশ্বের অর্থনৈতিক পুনর্বিন্যাস, পণ্যদ্রব্যের মূল্য ও অন্যান্য পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে বৈঠক করছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/সিআর/১৩১৮ ঘ.
bdnews24