দোহা, ত্রিপোলি, এপ্রিল ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- মুয়াম্মার গাদ্দাফিকে ক্ষমতা থেকে সরে দাঁড়াতে হবে-বলেছে লিবিয়া নিয়ে গঠিত আন্তর্জাতিক 'কন্টাক্ট গ্র"প'।
যুক্তরাষ্ট্র, ইউরোপের ১৬টি দেশ ও মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশসহ জাতিসংঘ, আরব লীগ ও আফ্রিকান ইউনিয়ন নিয়ে গঠিত হয়েছে এই 'কন্টাক্ট গ্র"প'। ২৯ মার্চ লন্ডনে মন্ত্রী পর্যায়ের এক আন্তর্জাতিক সম্মেলনে গ্র"পটি গঠন করা হয়।
বুধবার লিবিয়া বিষয়ে কাতারের রাজধানী দোহায় ওই গ্র"পভুক্ত দেশের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে বিবৃতিতে একথা বলেন কাতারের বাদশা।
"গাদ্দাফি ও তার শাসন ব্যবস্থা সব ধরনের বৈধতা হারিয়েছে এবং লিবিয়ার জনগণের কাছে তাদের ভবিষ্যৎ নির্ধারণের ক্ষমতা ছেড়ে দিয়ে তাকে অবশ্যই বিদায় নিতে হবে।"
এদিকে লিবিয়ায় ন্যাটোর বিমান হামলা জোরদার বা বিদ্রোহীদের অস্ত্র সরবরাহ নিয়ে ন্যাটোভুক্ত দেশগুলোর মধ্যে মতবিরোধ দেখা দিয়েছে।
যুক্তরাজ্য ও ফ্রান্স লিবিয়ায় স্থলভাগে হামলা আরো জোরদার করার কথা বললেও তাতে দ্বিমত প্রকাশ করছে বেলজিয়াম।
বেলজিয়ামের পররাষ্ট্রমন্ত্রী স্টিভেন ভানাকেরে বলেন, লিবিয়ায় বেসামরিক মানুষ রক্ষায় ১৭ মার্চের জাতিসংঘ প্রস্তাবে বেসামরিক মানুষকে অস্ত্র্র সরবরাহের কথা বলা হয়নি। অভিযানে সামরিক শক্তি বাড়ানোর কোনো প্রয়োজনও নেই।
ন্যাটোর বিমান হামলায় গাদ্দাফির অনুগত বাহিনী কাঙ্খিত মাত্রায় দুর্বল না হওয়ায় এবং পশ্চিমাঞ্চলীয় শহর মিসরাতায় বিদ্রোহীদের ওপর এখনো গোলা বর্ষণ চলতে থাকায় প্যারিস ও লন্ডনে হতাশা বাড়ছে।
ফরাসি পররাষ্ট্রমন্ত্রী আলাঁ জুপে মঙ্গলবার অভিযান যথেষ্ট নয় উল্লেখ করে ন্যাটোর সমালোচনা করেন। বিমান হামলা জোরদারের জন্যও ন্যাটোর প্রতি আহ্বান জানান তিনি।
ওদিকে, যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী উইলিয়াম হেগ বুধবার দোহা যাওয়ার পথে রয়টার্সকে বলেন, লিবিয়া অভিযানে ন্যাটোর আরো বিমান দরকার।
"বেসামরিক মানুষ রক্ষায় স্থলে হামলা চালানোর জন্য আরো বিমান পাঠিয়েছি আমরা। অন্যান্য দেশও তা করবে বলে আমরা আশা করছি।"
হেগ বলেন, জোটভুক্ত ইউরোপ ও আরবের অন্যান্য দেশগুলোরও গাদ্দাফির অনুগত বাহিনীর ওপর স্থলে হামলায় সক্ষম বিমান পাঠানোর সুযোগ রয়েছে।
এদিকে জার্মানি আবারো বলেছে, লিবিয়া সংকটের সমাধান সামরিক উপায়ে সম্ভব নয়। দোহা বৈঠক শুরুর আগে জার্মান পররাষ্ট্রমন্ত্রী গুইডো ভেসটেরভেলে বলেন, "আমরা একটি রাজনৈতিক সমাধান খোঁজার চেষ্টা করবো। অর্থাৎ রাজনৈতিক অগ্রগতি।"
তিনি আরো বলেন, লিবিয়ার মানুষের জন্য মানবিক কার্যক্রমে সহায়তা দিতে প্রস্তুত জার্মানি।
৩১ মার্চ ন্যাটোর কাছে নেতৃত্ব দিয়ে অভিযান থেকে মার্কিন বাহিনী নিজেদের গুটিয়ে নেওয়ার পর থেকে গাদ্দাফির বাহিনীর ওপর বেশিরভাগ হামলাই পরিচালনা করছে ব্রিটিশ ও ফরাসি যুদ্ধবিমান। ন্যাটো জোটের বেশিরভাগ দেশই হামলা চালানো থেকে নিজেদের সরিয়ে রাখছে।
এ বৈঠক থেকে 'গাদ্দাফিকে সরানোর'-বিষয়ে স্পষ্ট বিবৃতি চেয়েছিলেন হেগ।
এ বৈঠকে যোগ দিয়ে প্রথমবারের মতো কোনো আন্তর্জাতিক সম্মেলনে অংশ নেয় বিদ্রোহী বাহিনী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/এইচএ/পিডি/০০১১ ঘ.
bdnews24