সানা, এপ্রিল ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইয়েমেনে সরকারি বাহিনী ও বিদ্রোহী বাহিনীর সংঘর্ষ এবং বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর সহিংসতায় মোট পাঁচজন নিহত হয়েছে।
বুধবার রাজধানী সানায় নিরাপত্তা বাহিনী ও বিদ্রোহী জেনারেল আলী মোহসেনের অনুগত সেনা সদস্যদের সংঘর্ষে দুইজন নিহত হয়। এছাড়া দক্ষিণাঞ্চলীয় শহর এডেনে বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর গুলিতে দুইজনসহ সারাদেশে সহিংসতায় তিন বিক্ষোভকারী নিহত হয়।
এক সামরিক সূত্র রয়টার্সকে বলেন, বিদ্রোহীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষে দুইজন নিহত ও চারজন গুরুতর আহত হয়েছে। নিহতদের একজন মোহসেনের অনুগত এবং অন্যজন সরকারি বাহিনীর সদস্য।
মোহসেনের অনুগত বাহিনীর ঘনিষ্ট এক সূত্র বলেন, সানা বিশ্ববিদ্যালয়ের কাছে অবস্থান নেওয়া কয়েক হাজার বিক্ষোভকারীকে নিরাপত্তা দিতে বিদ্রোহীদের বসানো তল্লাসি চৌকিতে সালেহ'র অনুগত বাহিনী রকেট চালিত গ্রেনেড ও গুলি ছুড়লে দু'পক্ষের মধ্যে এ সংঘর্ষ হয়। ঘণ্টাখানেক পর সালেহ'র অনুগত বাহিনী সেখান থেকে চলে গেলে সংঘর্ষ শেষ হয়।
ইয়েমেনে জানুয়ারির শেষদিকে প্রেসিডেন্ট আলী আব্দুল্লাহ সালেহর পদত্যাগের দাবিতে বিক্ষোভ শুরু হয়। বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর সহিংসতায় এ পর্যন্ত শতাধিক মানুষ নিহত হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/২১১৬ ঘ.
bdnews24