কায়েরো, এপ্রিল ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- দুনীতির অভিযোগ তদন্তকে সামনে রেখে মিশরের সাবেক প্রেসিডেন্ট হোসনি মুবারককে গ্রেপ্তার করে ১৫ দিনের জন্য কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন দেশটির প্রসিকিউটর জেনারেল।
মিশরের রাষ্ট্রনিয়ন্ত্রিত টেলিভিশন বুধবার এ খবর জানায়।
বিবিসি অনলাইন জানায়, হৃদযন্ত্রের সমস্যার কারণে ৮২ বছর বয়স্ক মুবারক বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। যদিও মুবারকের স্বাস্থ্যপ্রতিবেদন বলছে, জিজ্ঞাসাবাদের মুখোমুখি হওয়ার জন্য তিনি যথেষ্ট সুস্থ রয়েছেন।
কিন্তু হাসপাতালে ভর্তির একদিন পরই বুধবার তাকে গ্রেপ্তার করে ১৫ দিনের জন্য কারাগারে পাঠানোর নির্দেশ আসে।
এরআগে মুবারকের দুই ছেলে আলা এবং গামালকে দুর্নীতি ও সহিংসতার অভিযোগে আটক করে কারাগারে পাঠানো হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
আলা ও গামালকে জিজ্ঞাসাবাদের জন্য পর্দা দিয়ে ঢাকা পুলিশ ভ্যানে করে নিয়ে যাওয়ার সময় জড়ো হওয়া বিক্ষুদ্ধ জনতা পুলিশ ভ্যান লক্ষ করে খালি পানির বোতল, পাথর ইত্যাদি ছুড়ে মারে বলে এপি জানিয়েছে।
চলতি বছরের ফেব্র"য়ারিতে মিশরে প্রবল গণবিক্ষোভের মুখে মুবারক ক্ষমতা থেকে সরে যেতে বাধ্য হন। মুবারকবিরোধী ওই বিক্ষোভে নিরাপত্তাবাহিনীর সাথে সহিংসতায় অন্ততপক্ষে ৮শ' মানুষ নিহত হন।
এরপর থেকে মুবারকের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি হয়। পুরো পরিবারসহ মুবারক শারম আল শেখ- এ অবস্থান করছিলেন।
ক্ষমতা থেকে মুবারক সরে যাওয়ার পর থেকে প্রতি শুক্রবার কায়োরোর তাহরির স্কয়ার (স্বাধীনতা চত্ত্বর)-এ লাখো বিক্ষোভকারী মুবারকের বিচার দাবি করে আসছে।
৩০ বছর শাসনকালে ক্ষমতার অপব্যবহারের জন্যও বিক্ষোভকারীরা মুবারকের শাস্তি দাবি করছে।
প্রসঙ্গত, বর্তমানে একটি সেনা কাউন্সিল মিশর পরিচালনা করছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১৪০০ ঘ.
bdnews24