লস এঞ্জেলেস, এপ্রিল ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- প্রখ্যাত নাট্যকার এডওয়ার্ড অ্যালবিকে ম্যাকডোয়েল মেডেল দিয়ে সম্মানিত করা হচ্ছে। যুক্তরাষ্ট্রের নাটকে তার অবদানের জন্য আজীবন সম্মাননা হিসেবে তাকে এ মেডেল দেওয়া হচ্ছে।
অ্যালবির আগে মাত্র দু'জন নাট্যকার এ পুরস্কার পেয়েছিলেন।
আগামী ১৪ আগস্ট আনুষ্ঠানিকভাবে মেডেলটি তাকে দেওয়া হবে।
নাম ঘোষণার সময় মঙ্গলবার নির্বাচন কমিটির প্রধান আন্দ্রে বিশপ জানান, "যুক্তরাষ্ট্রের নাট্যচর্চায় তার অবদান বিশাল, এ বিষয়ে কোনো দ্বিমত নেই।"
অনেকদিন ধরেই অ্যালবিকে যুক্তরাষ্ট্রের অন্যতম সেরা নাট্যকার হিসেবে বিবেচনা করা হচ্ছে। টেনেসি উইলিয়ামস, ইউজিন ও'নিলের মত বিখ্যাত নাট্যকারদের সাথে তার নাম উচ্চারিত হয়।
তার সবচেয়ে বিখ্যাত নাটক 'হু ইজ অ্যাফ্রেইড অব ভার্জিনিয়া উল্ফ?', যা নিয়ে চলচ্চিত্র নির্মিত হয়েছে হলিউডে।
নাটকটিতে মার্কিন মধ্যবিত্ত জীবন নিয়ে নির্মোহ নিরীক্ষা করা হয়েছে। ১৯৬২ সালে নাটকটি প্রথম মঞ্চে আসে।
বর্তমানে ৮৩ বছর বয়স্ক এডওয়ার্ড অ্যালবি এ পর্যন্ত ৩০টি নাটক লিখেছেন। পুলিৎজার পুরস্কারজয়ী এ নাট্যকার তিনবার টনি এওয়ার্ড পেয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/সিআর/১৩২১ ঘ.
bdnews24