২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাতাল রেলে বিস্ফোরণে দায়ীদের খুঁজছে বেলারুশ

বেলারুশের রাজধানী মিনস্কের একটি জনবহুল পাতাল রেল স্টেশনে বোমা বিস্ফোরণের ঘটনায় দায়ীদেও হদিস বের করতে বিভিন্ন বিমানবন্দর, স্টেশন এবং রাস্তায় রাস্তায় তল্লাশি চালাচ্ছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Apr 2011, 03:00 PM

Updated : 24 Aug 2022, 02:52 PM

মিনস্ক, এপ্রিল ১২ (বিডনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- বেলারুশের রাজধানী মিনস্কের একটি জনবহুল পাতাল রেল স্টেশনে বোমা বিস্ফোরণের ঘটনায় দায়ীদেও হদিস বের করতে বিভিন্ন বিমানবন্দর, স্টেশন এবং রাস্তায় রাস্তায় তল্লাশি চালাচ্ছে পুলিশ। সোমবার সন্ধ্যায় ওই বিস্ফোরণে অন্তত ১২ জন নিহত ও ১শ' ২৬ জন আহত হয়। এসময় অফিস ফেরত লোকজন স্টেশনটিতে ভিড় করেছিল। এ ঘটনার একজন প্রত্যক্ষদর্শী জানান, ট্রেন থেকে নামার সময় হঠাৎ একটি আলোর ঝলকের সাথে প্রচণ্ড বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের পরপরই পুলিশ মিনস্কে উচ্চ সতর্কাবস্থা জারি করে। ওকতিয়াব্রাস্কায়া নামের ওই স্টেশনটি মিনস্কের অন্যতম ব্যস্ত পাতালরেল জংশন। এর মাত্র ১'শ মিটার দূরে দেশটির প্রেসিডেন্টের কার্যালয়। রিমোট কন্ট্রোলের সাহায্যে বোমা বিস্ফোরণ ঘটানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে। প্রসেকিউটর জেনারেলের কার্যালয় থেকে এ হামলার ঘটনাকে বেলারুশে নজিরবিহীন সন্ত্রাসী হামলা আখ্যা দেওয়া হয়েছে। বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো এ বিস্ফোরণকে দেশে অস্থিরতা তৈরির চেষ্টা বলে অভিহিত করেছেন। তিনি এ ঘটনাকে ২০০৮ সালের বিস্ফোরণের সাথে সম্পর্কিত বলে দাবি করেছেন। ২০০৮ সালে দেশটিতে এক ওপেনএয়ার কনসার্টে ঘরে তৈরি বোমা হামলায় ৫০ জন আহত হয়। সেই ঘটনার রহস্য এখনো উদ্ধার করা যায়নি। ওই কনসার্টে লুকাশেঙ্কো যোগ দিয়েছিলেন। সরকারবিরোধী এক নেতা অভিযোগ করেছেন, দেশকে আরো কঠোরভাবে শাসন করার সুযোগ নিতে লুকাশেঙ্কো নিজেই এ ঘটনা ঘটিয়েছেন। দেশটির কর্তৃপক্ষ এটিকে একটি সন্ত্রাসী হামলা হিসেবে চিহ্নিত করেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/সিআর/১৪০০ ঘ.