২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জাপানে আবারও শক্তিশালী ভূমিকম্প

জাপানে আবারও শক্তিশালী ভূমিকম্প হয়েছে। দেশটির উত্তরপূর্বাঞ্চলে হওয়া সোমবারের ওই ভূমিকম্পটির মাত্রা ছিল ৭ দশমিক ১। ভিডিও

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Apr 2011, 09:20 AM

Updated : 24 Aug 2022, 02:52 PM

টোকিও, এপ্রিল ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স/বিবিসি)- জাপানে আবারও শক্তিশালী ভূমিকম্প হয়েছে। দেশটির উত্তরপূর্বাঞ্চলে হওয়া সোমবারের ওই ভূমিকম্পটির মাত্রা ছিল ৭ দশমিক ১। এর পরিপ্রেক্ষিতে ওই অঞ্চলে সুনামি সতর্কতা জারি করা হলেও পরবর্তী সময়ে তা তুলে নেওয়া হয়। ভূমিকম্পের পর ফুকুশিমা পরমাণু বিদ্যুৎ কেন্দ্র থেকে সব কর্মীকে সরিয়ে নেওয়া হয় বলে রয়টার্স জানায়। তবে এখনো পর্যন্ত ক্ষয়-ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি। অথচ সোমবারই দেশটি ভয়াবহ ভূমিকম্প ও সুনামি আঘাত হানার একমাসপূর্তিতে নিহতদের স্মরণ করে। তাদের উদ্দেশ্যে পালন করে এক মিনিট নিরবতা। গত ১১ মার্চ প্রায় ৯ মাত্রার ভয়াবহ ভূমিকম্প ও ১৫ মিটার উঁচু সুনামিতে ধ্বংসস্তুপে পরিণত হয় জাপানের উত্তরপূর্বাঞ্চলীয় ফুকুশিমা, মিয়াগিসহ কয়েকটি জেলা। প্রায় ২৮ হাজার মানুষ নিহত ও নিখোঁজ হয়। বাস্তুচ্যুত হয় দেড়লাখেরও বেশি মানুষ। ভয়াবহ এই প্রাকৃতিক বিপর্যয়ে ভৌতঅবকাঠামোসহ ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৩০ হাজার কোটি ডলার। গত ১১ মার্চ জাপানের স্থানীয় সময় দুপুর ২টা ৪৬ মিনিটে আঘাত হানে ভূমিকম্প। এর কয়েক মিনিট পরেই ঘণ্টায় ১০ কিলোমিটার গতিতে আঘাত হানে সুনামি। শক্তিশালী এই ভূমিকম্পে জাপানের সাগরের তলদেশ ৭৯ ফুট সরে যায়। ভূমিকম্পে ফুকুশিমা জেলায় পরমাণু বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়। এতে ভয়াবহ পারমাণবিক দুর্ঘটনার শিকার হয় জাপান। তেজস্ক্রিয়তা আতঙ্কে সরিয়ে নেওয়া হয় কেন্দ্রটির আশেপাশের ২০ বর্গ কিলোমিটার এলাকার ৭০ হাজার মানুষ। তেজস্ক্রিয়তার কারণে নিষিদ্ধ করা হয় ওই অঞ্চলে উৎপাদিত খাদ্যশস্য ও খামারে উৎপন্ন খাদ্যদ্রব্য। দুর্ঘটনা কবলিত বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের পরিস্থিতি এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। প্রকৌশলীরা জানিয়েছে কেন্দ্রটি নিয়ন্ত্রণে আনতে কয়েক মাস লেগে যাবে। জাপান সরকার শোচনীয় এই প্রাকৃতিক বিপর্যয়কে চিহ্নিত করেছে 'গ্রেট ইস্টার্ন জাপান আর্থকোয়েক' নামে। ওই ভূমিকম্পের পর আরও দু'বার ভূমিকম্প আঘাত হানে জাপানে। এর মধ্যে গত বৃহস্পতিবারেরটি ছিল শক্তিশালী। এতে চারজন মারা যায়। দ্বীপদেশ জাপান পৃথিবীর সবচেয়ে ভূূমিকম্পপ্রবণ অঞ্চলের একটিতে অবস্থিত। রোববার উত্তরপূর্বাঞ্চলের দূর্গত এলাকা পরিদর্শন করেন প্রধানমন্ত্রী নাওতো কান। এসময় দুর্গতদের সব ধরনের সাহায্য-সহযোগিতার প্রতিশ্র"তি দেন তিনি। কয়েকটি পত্রিকায় প্রকাশিত এক খোলা চিঠিতে নাওতো কান ভূমিকম্প ও সুনামিতে ক্ষতিগ্রস্ত জাপানকে সাহায্য ও সমর্থন দেওয়ার জন্য বিশ্ববাসীকে ধন্যবাদ জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/সিআর/১৪৫৯ ঘ.