২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গাজাকে উড্ডয়ন নিষিদ্ধ এলাকা ঘোষণার আহ্বান

ফিলিস্তিনের গাজা উপত্যকাকে উড্ডয়ন নিষিদ্ধ এলাকা ঘোষণার জন্য জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছে আরব লিগ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Apr 2011, 07:33 AM

Updated : 24 Aug 2022, 02:52 PM

কায়রো, এপ্রিল ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ফিলিস্তিনের গাজা উপত্যকাকে উড্ডয়ন নিষিদ্ধ এলাকা ঘোষণার জন্য জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছে আরব লিগ। গত কয়েকদিনে ইসরায়েলি বিমান হামলার পরিপ্রেক্ষিতে আরো বড় পরিসরে হামলার আশঙ্কায় রোববার আরব লিগ এই আহ্বান জানায়। গাজা এলাকায় আবারো সহিংসতা ছড়িয়ে পড়তে শুরু করায় আন্তর্জাতিক মহলে নতুন করে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। ওমানে আরব লিগের সদস্য দেশগুলোর স্থায়ী প্রতিনিধিদের এক সম্মেলনে ইসরায়েলের হামলাকে 'বর্বর' বলে মন্তব্য করা হয়। একইসঙ্গে জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে এ বিষয়ে আলোচনায় বসার আহ্বান জানানো হয়। বৃহস্পতিবার হামাসের জঙ্গিদের নিক্ষিপ্ত মর্টার শেলে দক্ষিণ ইসরাইলে একটি স্কুলবাস ক্ষতিগ্রস্ত হয়। এতে ১৬ বছরের এক কিশোর আহত হয়। এর জবাব হিসেবে ইসরায়েলি বিমান বাহিনী গাজায় ধারাবাহিকভাবে হামলা চালিয়ে যাচ্ছে। এসব হামলায় এ পর্যন্ত ১৯ জন বেসামরিক ফিলিস্তিনি ও কথিত জঙ্গি নিহত হয়েছে। আরব লিগের এক বিবৃতিতে বলা হয়, গাজা উপত্যকায় বসবাসকারী বেসামরিকদের নিরাপত্তার জন্য ইসরায়েলি আগ্রাসন জরুরি ভিত্তিতে বন্ধ করা এবং গাজাকে উড্ডয়ন নিষিদ্ধ এলাকা ঘোষণা করা প্রয়োজন। কায়রোভিত্তিক এ আঞ্চলিক সহযোগিতা সংস্থা জানিয়েছে, নিরাপত্তা পরিষদে ইসরায়েলের বিরুদ্ধে অভিযোগ জানাবে এর সদস্য দেশ সুদান। সুদানে ইসরায়েলের এক ক্ষেপণাস্ত্র হামলায় দুই জন নিহত হয়েছে বলে দাবি করেছে দেশটি। তবে মঙ্গলবার রাতে পোর্ট সুদানে ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলা বিষয়ে খার্তুমের অভিযোগ নাকচ করেছে ইসরায়েল। আরব লিগ বলছে, জাতিসংঘের সাধারণ ও নিরাপত্তা পরিষদে ইসরায়েলের বিরুদ্ধে অভিযোগ জানানোর জন্য সুদানের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং আফ্রিকার আঞ্চলিক সহযোগিতা সংস্থাকে আহ্বান জানিয়েছে আরব লিগ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কিউএইচ/সিআর/১৩২৭ ঘ.