আজদাবিয়াহ, এপ্রিল ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- লিবিয়ায় বিদ্রোহী নিয়ন্ত্রিত আজদাবিয়াহ শহরে রোববার গাদ্দাফি বাহিনীর ওপর বিমান হামলা চালিয়ে তাদের বড় ধরনের অভিযান বন্ধ করেছে ন্যাটো।
বিমান হামলায় আজদাবিয়ায় গাদ্দাফি বাহিনীর অন্তত ১১ টি ট্যাংক ধ্বংস হয়েছে বলে দাবি করেছে ন্যাটো।
এর আগে রোববার সকালে আজদাবিয়ায় বিদ্রোহীদের ওপর গাদ্দাফি বাহিনীর গোলাবর্ষণে শহরটি বিদ্রোহীদের হাতছাড়া হয়ে যাচ্ছিলো বলে খবর পাওয়া গেছে।
লড়াইয়ের কয়েক ঘণ্টা দুর্বল অবস্থানে ছিলো বিদ্রোহীরা। ৪ বিদ্রোহীর মৃতদেহ রাস্তায় পড়ে থাকতে দেখা গেছে।
কিন্তু বিকালের দিকেই ন্যাটো হামলার সহায়তায় আবার বিদ্রোহীরা আজদাবিয়ার নিয়ন্ত্রণ ফিরে পেতে শুরু করে।
আজদাবিয়া ছাড়াও পশ্চিমাঞ্চলীয় শহর মিসরাতার উপকণ্ঠেও গাদ্দাফি বাহিনীর ১৪ টি ট্যাংক ধ্বংস করার কথা জানিয়েছে ন্যাটো।
৬ সপ্তাহ ধরে অবরুদ্ধ হয়ে থাকা মিসরাতায় ন্যাটোর এ অভিযান বিদ্রোহীদের কাছ থেকে প্রশংসা পেয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/২২০৮ ঘ.
bdnews24