আম্মান, এপ্রিল ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সিরিয়ায় নতুন করে আরো গণতন্ত্রপন্থি বিক্ষোভ ঠেকাতে কয়েকটি জায়গায় ট্যাংক মোতায়েন করা হয়েছে বলে রোববার জানিয়েছে অধিবাসীরা। এর মধ্য দিয়ে সিরিয়ায় আরো জেরালো দমনাভিযানে নামলো সরকার।
উপকূলীয় শহর বানিয়ায় মোতায়েন করা হয়েছে নিরাপত্তা বাহিনী। শহরটির উত্তরাঞ্জলীয় জেলায় দেখা গেছে কয়েকটি ট্যাংকও। সিরিয়ায় বিক্ষোভ সহিংসতা ৪ সপ্তাহে গড়ানোর পর সরকার দমনাভিযান আরো জোরদার করলো।
সিরিয়ায় চলমান বিক্ষোভ সহিংসতায় এ পর্যন্ত বহু মানুষ নিহত হয়েছে। শনিবার সকালে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে নিরাপত্তা বাহিনীর গুলিতে বহু মানুষ হতাহত হয়।
শুক্রবার জুমার নামাজের পর সারা দেশে বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর গুলিতে অন্তত ৩৭ জন নিহত হয় বলে জানায় সিরিয়ার একটি মানবাধিকার সংগঠন।
মার্চের মাঝামাঝি গণতান্ত্রিক অধিকারের দাবিতে সিরিয়ায় বিক্ষোভ শুরু হয়। প্রেসিডেন্ট বাশার আল-আসাদের বাথ পার্টির বিরুদ্ধে বিক্ষোভ করছে জনতা।
১৯৬৩ সালে এক অভ্যুত্থানের মধ্য দিয়ে ক্ষমতায় এসে সব বিরোধী দল নিষিদ্ধ এবং জরুরি অবস্থা জারি করে ৪৮ বছর ধরে দেশ শাসন করছে বাথ পার্টি।
শুক্রবারের হতাহতের পর স্বরাষ্ট্র মন্ত্রণালয় আইনের লঙ্ঘন সহ্য করা হবে না বলে জনতাকে হুঁশিয়ার করে।
ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান ক্যাথেরিন অ্যাস্টোন সিরিয়ায় সহিংসতা ও হতাহতের ঘটনার কঠোর নিন্দা করেছেন।
সিরিয়ার প্রতি অর্থবহ রাজনৈতিক সংস্কারের আহ্বান জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/পিডি/এলকিউ/১৮৩৭ ঘ.
bdnews24