আম্মান, এপ্রিল ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সিরিয়ায় বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর গুলিতে ৩৭ জন নিহত হওয়ার পরদিন আবারো গুলি চালানো হয়েছে।
শনিবার সকালে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে নিরাপত্তা বাহিনীর গুলিতে অনেক মানুষ হতাহত হয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে।
শুক্রবার জুমার নামাজের পর সারা দেশে বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর গুলিতে অন্তত ৩৭ জন নিহত হয় বলে জানায় সিরিয়ার একটি মানবাধিকার সংগঠন।
রাজধানী দামেস্কের ৩৩০ কিলোমিটার উত্তরপশ্চিমের লাটাকিয়া শহরের এক অধিবাসী টেলিফোনে রয়টার্সকে বলেন, "রাস্তায় দু'পা বাড়ালেই আটক হওয়ার ঝুঁকি রয়েছে। সেখানে কেউ মারা গেছে কিনা তা জানা খুব কঠিন। একে-৪৭ রাইফেল থেকে গুলি হওয়ার শব্দ শোনা যাচ্ছে।"
মার্চের মাঝামাঝি গণতান্ত্রিক অধিকারের দাবিতে সিরিয়ায় বিক্ষোভ শুরু হয়। প্রেসিডেন্ট বাশার আল-আসাদের বাথ পার্টির বিরুদ্ধে বিক্ষোভ করছে জনতা। ১৯৬৩ সালে এক অভ্যুত্থানের মধ্য দিয়ে ক্ষমতায় এসে সব বিরোধী দল নিষিদ্ধ এবং জরুরি অবস্থা জারি করে ৪৮ বছর ধরে দেশ শাসন করছে বাথ পার্টি।
শুক্রবারের হতাহতের পর স্বরাষ্ট্র মন্ত্রণালয় আইনের লঙ্ঘন সহ্য করা হবে না বলে জনতাকে হুঁশিয়ার করে।
ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান ক্যাথেরিন অ্যাস্টোন সিরিয়ায় সহিংসতা ও হতাহতের ঘটনার কঠোর নিন্দা করেছেন।
সিরিয়ার প্রতি অর্থবহ রাজনৈতিক সংস্কারের আহ্বান জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/পিডি/২১০৯ ঘ.
bdnews24