২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লিবিয়ার উদ্দেশে আফ্রিকান ইউনিয়ন নেতারা

লিবিয়া সমস্যা সমাধানে আফ্রিকান নেতাদের একটি দল দেশটির উদ্দেশে যাত্রা করেছেন। এই কূটনৈতিক মিশনে দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট জ্যাকব জুমার নেতৃত্বে গঠিত দলে কঙ্গো, মালি, মৌরিতানিয়া ও উগান্ডার নেতারা রয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Apr 2011, 10:15 AM

Updated : 24 Aug 2022, 02:51 PM

ঢাকা, এপ্রিল ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- লিবিয়া সমস্যা সমাধানে আফ্রিকান নেতাদের একটি দল দেশটির উদ্দেশে যাত্রা করেছেন। এই কূটনৈতিক মিশনে দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট জ্যাকব জুমার নেতৃত্বে গঠিত দলে কঙ্গো, মালি, মৌরিতানিয়া ও উগান্ডার নেতারা রয়েছে। এই দলটি ত্রিপোলি ও বিদ্রোহীদের নিয়ন্ত্রণে থাকা শহর বেনগাজি পরিদর্শন করবেন বলে শনিবার বিবিসি অনলাইন জানায়। লিবিয়ার নেতা মুয়াম্মার গাদ্দাফি অনুগত বাহিনী ও বিদ্রোহীদের মধ্যে যুদ্ধবিরতির লক্ষ্যে তারা কাজ করবেন। পাশাপাশি এই সংকট সমাধানে রাজনৈতিক আলোচনা শুরু করা যায় কি না সে ব্যাপারে চেষ্টা চালাবেন আফ্রিকান ইউনিয়নের এই প্রতিনিধিরা। জানা গেছে, আগামী ১০ ও ১১ এপ্রিল বেনগাজিতে বিদ্রোহীদের অন্তর্বর্তীকালীন জাতীয় কাউন্সিলের সঙ্গে বৈঠক করবেন আফ্রিকান ইউনিয়নের ওই দলটি। ইউরোপিয়ান ইউনিয়ন (ইইউ) লিবিয়ার শহর মিসরাতায় একটি মানবিক সহায়তা মিশন পরিচালনার অনুমোদন পাওয়ার জন্য তৎপরতা চালিয়ে যাচ্ছে। শহরটিতে বিবদমান দুই পক্ষের মধ্যে ব্যাপক যুদ্ধ চলছে। সেনা বাহিনীর সহায়তায় সেখান থেকে আহতদের সরিয়ে নেওয়া ও ত্রাণ পাঠানোর জন্য ইইউ এই মিশন পরিচালনা করতে চায়। দেশটির পূর্বাঞ্চলীয় শহর আজদাবিয়ার কাছেও দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ অব্যাহত রয়েছে বলে জানা গেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১৬০০ ঘ.