পর্তুগাল, এপ্রিল ৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- পর্তুগাল আর্থিক সংকট দূর করতে ইউরোপীয় ইউনিয়নের কাছে আবেদন জানানোর পর দেশটিকে কয়েক বিলিয়ন ডলারের আর্থিক সহায়তা দেওয়া নিয়ে হাঙ্গেরিতে ইইউ অর্থমন্ত্রী এবং কেন্দ্রীয় ব্যাংকারদের বৈঠক চলছে।
ইউরোপীয় সেন্ট্রাল ব্যাংকের প্রেসিডেন্ট জেন-ক্লড ট্রিচেট ইইউ অর্থমন্ত্রীদের বৈঠকে যোগ দিতে হাঙ্গেরি গেছেন।
পর্তুগালের আর্থিক সংকট শুরু হয় কয়েকমাস আগে। এ সংকট কাটাতে দেশের সরকার ব্যয়সঙ্কোচন কর্মসূচি নেওয়ার কথা ঘোষণা করার সময়ই শুরু হয় আন্দোলন।
আন্দোলনের মুখে সরকার পতনের পর পর্তুগাল শেষ পর্যন্ত আর্থিক সহায়তা জন্য প্রতিবেশী দেশগুলোর সহায়তা চায়। কেবল ইইউ নয় আইএমএফ এর কাছেও সহায়তা চায় পর্তুগাল।
এর পরিপেক্ষিতেই তড়িঘড়ি বৈঠক অনুষ্ঠান করেছে ইউরোপীয় দেশগুলোর অর্থমন্ত্রীরা।
পর্তুগালকে অর্থনৈতিক সঙ্কট কাটাতে সহায়তা করা ছাড়াও ইউরোপে অর্থনৈতিক স্থিতিশীলতার স্বার্থে দেশটিকে কয়েকবিলিয়ন ডলারের আর্থিক সহায়তা দেওয়ার বিষয়টি বিবেচনা করে দেখছে তারা। তবে সিদ্ধান্ত এখনো হয়নি।
বৈঠকের শেষ দিন শনিবার এ ব্যাপারে কোনো সিদ্ধান্ত বেরিয়ে আসতে পারে বলে মনে করা হচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/২২৪৬ ঘ.
bdnews24