ওয়াশিংটন, সানা, এপ্রিল ৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ইয়েমেনের প্রেসিডেন্ট আলী আবদুল্লাহ সালেহ শুক্রবার গণবিক্ষোভের মুখে তার পদত্যাগ নিয়ে আলোচনায় বসার উপসাগরীয় দেশগুলোর পরিকল্পনা 'আগ্রাসী হস্তক্ষেপ' বলে প্রত্যাখ্যান করেছেন।
এর মধ্য দিয়ে সালেহ স্পষ্টতই তার ৩২ বছরের শাসনাবসানের আরব পরিকল্পনা উড়িয়ে দিলেন।
দেশে নজিরবিহীন গণবিক্ষোভের মুখে সালেহ প্রথমে বিরোধীদলের সঙ্গে আলোচনায় বসার গাল্ফ কোঅপারেশন কাউন্সিলের (জিসিসি) আহ্বানে সাড়া দিয়েছিলেন।
কিন্তু জিসিসি দুপক্ষের আলোচনায় মধ্যস্থতা করার পরিবর্তে সালেহ এর পদত্যাগ নিয়ে একটি সমঝোতায় পৌঁছার চেষ্টা চালাবে একথা জানার পরই তাতে এ বাধ সাধলেন সালেহ।
কাতারের প্রধানমন্ত্রী শেখ হামাদ বিন জসিম আল থানি বুধবার সাংবাদিকদের জানান, জিসিসি সালেহ'র পদত্যাগ নিয়ে চুক্তি করার চেষ্টা চালাবে।
কিন্তু শুক্রবার ইয়েমেনের রাজধানী সানায় উল্লাসিত সমর্থকদের উদ্দেশে সালেহ বলেন, "কাতার বা অন্য কারো কাছ থেকে আমরা আমাদের বৈধতা নেই না। এই আগ্রাসী হস্তক্ষেপ আমরা প্রত্যাখ্যান করছি।"
ইয়েমেনে সরকারবিরোধী বিক্ষোভ দমনে সালেহর কঠোর এবং কখনো কখনো সহিংস পদক্ষেপের কারণে তাকে ক্ষমতা থেকে সরাতে চাইছে ওয়াশিংটন এমনকি সৌদি আরবও। তাকে ঠেলে সরাতে একাট্টা হচ্ছে যুক্তরাষ্ট্রসহ উপসাগরীয় আরব দেশগুলো।
তারা ইয়েমেনে আদিবাসী ও রাজনৈতিক নেতাদের একটি অন্তর্বর্তী পরিষদের হাতে ক্ষমতা হস্তান্তরের পরিকল্পনা করেছে। যে পরিষদ নির্বাচনের আগে জাতীয় ঐক্য সরকার গঠনে সহায়তা করবে।
তাছাড়া, পদত্যাগের বিনিময়ে সালেহ ও তার পরিবারকে বিচার থেকে রেহাইয়ের নিশ্চয়তা দেওয়ারও পরিকল্পনা রয়েছে বলে জানা গেছে।
কিন্তু এতে ঘোর আপত্তি জানিয়েছে তরুণ বিক্ষোভকারীরা। এ প্রস্তাব মেনে নেওয়া যায় না বলে এক বিবৃতিতে জানিয়েছে তারা।
বিবৃতিতে বলা হয়েছে, গণবিপ্লবের দাবি হচ্ছে, "জনগণের ইচ্ছানুযায়ী নতুন গণতান্ত্রিক রাষ্ট্র গড়তে সরকারের পতন এবং বিচার। এতে আন্তর্জাতিক বা রাজনৈতিক কোনো পক্ষ যারা আমাদের প্রতিনিধি নয় তাদের কোনো হাত থাকতে পারে না।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/২০৩১ ঘ.
bdnews24