২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সালেহ'র পদত্যাগ পরিকল্পনায় আরব দেশগুলো

ইয়েমেনের প্রেসিডেন্ট আলি আবদুল্লাহ সালেহকে পদত্যাগের প্রস্তাব দেওয়ার পরিকল্পনা করছে উপসাগরীয় আরব দেশগুলো। বিরোধীপক্ষের একটি সূত্রে বৃহস্পতিবার একথা জানা গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Apr 2011, 12:44 PM

Updated : 24 Aug 2022, 02:50 PM

সানা, এপ্রিল ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ইয়েমেনের প্রেসিডেন্ট আলি আবদুল্লাহ সালেহকে পদত্যাগের প্রস্তাব দেওয়ার পরিকল্পনা করছে উপসাগরীয় আরব দেশগুলো। বিরোধীপক্ষের একটি সূত্রে বৃহস্পতিবার একথা জানা গেছে। পদত্যাগের বিনিময়ে সালেহ ও তার পরিবারকে বিচার থেকে রেহাইয়ের নিশ্চয়তা দেওয়ার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছে ওই সূত্র। কিন্তু বিরোধীরা তা মানতে নারাজ। গাল্ফ কোঅপারেশন কাউন্সিল (জিসিসি) সোমবার ইযেমেন সরকার ও সরকার বিরোধীদের সৌদি আরবে আলোচনায় বসার আমন্ত্রণ জানিয়েছে। এতে সাড়াও দিয়েছেন সালেহ। উপসাগরীয় কয়েকটি সূত্র জানিয়েছে, তারা ইয়েমেনে আদিবাসী ও রাজনৈতিক নেতাদের একটি অন্তর্র্বতী পরিষদের হাতে ক্ষমতা হস্তান্তরের পরিকল্পনা করেছেন। যে পরিষদ নির্বাচনের আগে জাতীয় ঐক্য সরকার গঠনে সহায়তা করবে। ইয়েমেনে সরকারবিরোধী বিক্ষোভ দমনে সালেহর কঠোর এবং কখনো কখনো সহিংস পদক্ষেপের কারণে তাকে ক্ষমতা থেকে সরাতে চাইছে ওয়াশিংটন এমনকি রিয়াদও। তাকে ঠেলে সরাতে একাট্টা হচ্ছে যুক্তরাষ্ট্রসহ উপসাগরীয় আরব দেশগুলো। কিন্তু সালেহ পদত্যাগ করলে তিনিসহ তার পরিবারকে বিচার থেকে রেহাই দেওয়ার যে প্রস্তাব দেওয়ার চিন্তা ভাবনা চলছে তাতে ঘোর আপত্তি জানিয়েছে তরুণ বিক্ষোভকারীরা। এ প্রস্তাব মেনে নেওয়া যায় না বলে এক বিবৃতিতে জানিয়েছে তারা। বিবৃতিতে বলা হয়েছে, গণবিপ্লবের দাবি হচ্ছে, "জনগণের ইচ্ছানুযায়ী নতুন গণতান্ত্রিক রাষ্ট্র গড়তে সরকারের পতন এবং বিচার। এতে আন্তর্জাতিক বা রাজনৈতিক কোনো পক্ষ যারা আমাদের প্রতিনিধি নয় তাদের কোনো হাত থাকতে পারে না।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/এলকিউ/১৬০৭ ঘ.