২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জাপানের সাগরতল প্রায় ৭৯ ফুট সরে গেছে

মার্চে শক্তিশালী ভূমিকম্পের ফলে জাপানের উত্তরপূর্ব উপকূলীয় সমুদ্রের তলদেশ সরে গেছে বলে জানিয়েছে দেশটির উপকূল রক্ষীবাহিনী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Apr 2011, 09:07 AM

Updated : 24 Aug 2022, 02:50 PM

টোকিও, এপ্রিল ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি)- মার্চে শক্তিশালী ভূমিকম্পের ফলে জাপানের উত্তরপূর্ব উপকূলীয় সমুদ্রের তলদেশ সরে গেছে বলে জানিয়েছে দেশটির উপকূল রক্ষীবাহিনী। গত ১১ মার্চ দেশটির উত্তরপূর্বাঞ্চলে ৯ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। বিশ্বে এ যাবৎ হওয়া ভূমিকম্পগুলোর মধ্যে এটি অন্যতম বৃহত্তম ভূমিকম্প। ভূমিকম্পের ফলে জাপানে ভূমি সরে যাওয়ার ঘটনা হিসেবে এটিই সবচেয়ে বড় এবং আগের ঘটনাগুলোর তুলনায় তা চারগুণ বেশি। কোস্ট গার্ড বুধবার জানায়, ভূমিকম্প উৎপত্তিস্থলের নিকটবর্তী সাগরের তলদেশ ২৪ মিটার (প্রায় ৭৯ ফুট) সরে গেছে ও ভূমিকম্পকবলিত মিয়াগি জেলার উপকূলে সাগরের তলদেশ ৩ মিটার (প্রায় ১০ ফুট) উঁচু হয়ে গেছে। ওই ভূমিকম্প এবং এরফলে সৃষ্ট ১০ মিটার উচ্চতার সুনামিতে জাপানের উত্তরপূর্বাঞ্চলে প্রায় ২৮ হাজার মানুষ নিহত ও নিখোঁজ হয়। এতে প্রায় ৩০ হাজার কোটি ডলার সমপরিমাণ ভৌতঅবকাঠামোগত ক্ষয়ক্ষতি হয়। এই প্রাকৃতিক বিপর্যয়ে দেশটির ফুকুশিমায় একটি পরমাণু বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র ক্ষতিগ্রস্থ হয়। এরফলে ২৫ বছরের মধ্যে বিশ্বের সবচেয়ে ভয়াবহ পারমাণবিক বিপর্যয়ের শিকার হয় জাপান। ক্ষয়ক্ষতির হিসাবে এটি বিশ্বের সবচেয়ে বড় প্রাকৃতিক বিপর্যয়। প্রসঙ্গত, ভৌগলিকভাবে জাপান বিশ্বের অন্যতম ভূমিকম্পপ্রবণ অঞ্চলে অবস্থিত। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/সিআর/১৫০০ ঘ.