ঢাকা, এপ্রিল ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিবিসি)- আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ কান্দাহারে একটি পুলিশ প্রশিক্ষণ কেন্দ্রে বৃহস্পতিবার হামলা চালিয়েছে বন্দুকধারীরা। কেন্দ্রটির ভেতরে নিরাপত্তা বাহিনীর সাথে বন্দুকধারীদের লড়াই চলছে বলে কর্মকর্তারা জানিয়েছেন।
কান্দাহারের নিকটবর্তী নিরাপত্তা বাহিনীর ঘাঁটি থেকে জানানো হয়েছে, গোলাগুলির মাঝে একটি বিস্ফোরণের শব্দও পাওয়া গেছে।
কর্মকর্তারা জানান, বেশ কয়েকজন বন্দুকধারী এই হামলা চালিয়েছে। তবে এখনো পর্যন্ত ক্ষয়-ক্ষতির কোনো খবর তারা জানাতে পারেননি।
তবে বেশ কয়েকজন বন্দুকধারী প্রশিক্ষণকেন্দ্রটির অভ্যন্তরে অবস্থান নিয়েছে বলে জানান তারা। প্রাদেশিক পুলিশ প্রধান খান মোহাম্মদ মুজাহিদ এএফপি সংবাদ সংস্থাকে জানান, "এক ঘণ্টা ধরে বন্দুকধারীরা পুলিশের সাথে গোলাগুলি করছে। আমাদের কাছে এখনো পর্যন্ত ক্ষয়-ক্ষতির কোনো খবর আসেনি।"
আফগানিস্তানে প্রায় লাখ খানেক পুলিশ ও সেনা সদস্যকে দেশটির নিরাপত্তার দায়িত্ব নেওয়ার জন্য প্রশিক্ষণ দেওয়া হয়েছে। পর্যায় ক্রমে যতদ্রুত সম্ভব দেশটির নিরাপত্তার দায়িত্ব হস্তান্তর করতে চাইছে ন্যাটো।
আফগান নিরাপত্তা বাহিনীর সদস্যরা প্রায়ই তালেবান ও তাদের মিত্র গোষ্ঠীগুলোর হামলার লক্ষ্যে পরিণত হচ্ছে। তালেবান ও তাদের মিত্র সশস্ত্র গোষ্ঠীগুলো আফগানিস্তানের পশ্চিমা সমর্থিত হামিদ কারজাইয়ের সরকারকে উৎখাতের চেষ্টা চালাচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১৪১২ ঘ.
bdnews24