আবিদজান, এপ্রিল ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স/বিবিসি)- আইভরি কোস্টের শাসক লর্যাঁ বাগবোকে বাঙ্কার থেকে বের করে আনতে তার বাসভবনে বুধবার চূড়ান্ত অভিযান শুরু করেছে আলাসানে ওয়াত্তারার অনুগত বাহিনী।
ওয়াত্তারা বাহিনীর মুখপাত্র সিদ্দিকি কোনাতে বলেছেন, বাগবোকে বাঙ্কার থেকে বের করে এনে তারা আইভরি কোস্টের আন্তর্জাতিক স্বীকৃতিপ্রাপ্ত প্রেসিডেন্ট ওয়াত্তারার হাতে তুলে দেবেন।
ওই বাহিনীর আরেক মুখপাত্র আফোউসি বাম্বা রয়টার্সকে বলেন, "হ্যাঁ, বাগবোকে পাকড়াও করতে তারা (ওয়াত্তারা বাহিনী) তার (বাগবোর) বাসভবনে ঢুকেছে। এখনো তাকে ধরতে না পারলেও ভবনের মধ্যে তল্লাশি চালাচ্ছে তারা।"
আবিদজানের ককোডির প্রেসিডেন্ট প্রাসাদের আশপাশের অধিবাসীরা জানান, প্রাসাদের দিক থেকে গোলাগুলি ও বিস্ফোরণের শব্দ আসছে।
ওই প্রাসাদের কাছের অধিবাসী আলফ্রেড কোউয়াসি বলেন, "আমি আমার ভবন থেকে দেখেছি সশস্ত্র এফআরসিআই'র সদস্যরা (ওয়াত্তারার বাহিনী) পিক-আপ ও জিপে করে বাগবোর বাসভবনের দিকে যাচ্ছে।"
"প্রাসাদ থেকে বন্দুক ও ভারী অস্ত্রের গোলাগুলির শব্দ আসছে।"
ফ্রান্সের এক সূত্র জানায়, জাতিসংঘ ও ফ্রান্সের মধ্যস্থতায় ক্ষমতা ছাড়ার ব্যাপারে সমঝোতায় পৌঁছাতে বাগবো রাজি না হওয়ায় নতুন করে এ সহিংসতা শুরু হয়।
গত ২৮ নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে জাতিসংঘ সমর্থিত নির্বাচন কমিশন আলাসানে ওয়াত্তারাকে বিজয়ী ঘোষণা করে। কিন্তু সে ফল প্রত্যাখ্যান করে সাংবিধানিক পরিষদের সমর্থন নিয়ে প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন বাগবো।
ক্ষমতা ছাড়ার জন্য জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন, আফ্রিকান ইউনিয়ন এবং যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো বাগবোর প্রতি একের পর এক আহ্বান জানায়। কিন্তু ক্ষমতা ধরে রাখার সিদ্ধান্তে অনড় থাকায় এক পর্যায়ে বাগবোর বিরুদ্ধে অবরোধ আরোপ করে আন্তর্জাতিক সম্প্রদায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/এলকিউ/১৭১২ ঘ.
bdnews24