ত্রিপোলি, এপ্রিল ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকসম/রয়টার্স)- লিবিয়ায় বেসামরিক মানুষ রক্ষায় ন্যাটোর অভিযান যথেষ্ট নয়-অভিযোগ করে এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে বিদ্রোহী বাহিনী।
বিদ্রোহী বাহিনীর কমান্ডার জেনারেল আব্দুল ফাত্তাহ ইউনিস বলেন, যৌথবাহিনী প্রতিদিন গাদ্দাফির অনুগত বাহিনীর হামলায় মিসরাতার মানুষকে মরতে দিচ্ছে।
ন্যাটোর গাফিলতির বিষয়টি জাতিসংঘ নিরাপত্তা পরিষদে উত্থাপনের চিন্তাভাবনা চলছে বলেও জানান তিনি।
বিদ্রোহী বাহিনীর প্রধান বলেন, "ন্যাটো তার দায়িত্ব ঠিকঠাক মতো পালন না করলে বিষয়টি নিরাপত্তা পরিষদে তোলার জন্য আমি লিবিয়ান ন্যাশনাল কাউন্সিলের প্রতি আহ্বান জানাবো।"
বিদ্রোহীদের নিয়ন্ত্রণে থাকা একমাত্র পশ্চিমাঞ্চলীয় শহর মিসরাতায় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠান প্রায় এক মাস ধরে অভিযান চালিয়ে আসছে গাদ্দাফির অনুগত বাহিনী।
শহরটিতে গাদ্দাফির অনুগত বাহিনী ব্যাপক 'হত্যাযজ্ঞ' চালিয়ে আসছে বলে অভিযোগ করেছেন সেখান থেকে উদ্ধার হওয়া বেসামরিক মানুষ।
বেনগাজিতে সাংবাদিকদের বিদ্রোহীদের সশস্ত্র বাহিনীর প্রধান ইউনিস বলেন, ন্যাটো আমাদের হতাশ করেছে।
"এখানে-ওখানে বোমা ফেলে ন্যাটো সব সময় আমাদের সহায়তা করছে এবং প্রতিদিন মিসরাতার মানুষকে মরতে দিচ্ছে।"
তিনি বলেন, ন্যাটো খুব ধীরে এগোচ্ছে। আর তাতে গাদ্দাফির অনুগত বাহিনী হামলা চালানোর সুযোগ পাচ্ছে। ন্যাটো আর এক সপ্তাহ দেরি করলে মিসরাতা থাকবে না। সেখানে কাউকে খুঁজে পাওয়া যাবে না।
"ন্যাটো আমাদের জন্য সমস্যা হয়ে দাঁড়িয়েছে"-বলেন ইউনিস।
লিবিয়ায় উড্ডয়ন-নিষিদ্ধ এলাকা প্রতিষ্ঠা ও গাদ্দাফির অনুগত বাহিনীর হাত থেকে বেসামরিক মানুষ রক্ষায় 'প্রয়োজনীয় সব পদক্ষেপ' গ্রহণের জাতিসংঘ সিদ্ধান্ত বাস্তবায়নে পরিচালিত অভিযানের নেতৃত্ব দিচ্ছে ন্যাটো।
জাতিসংঘ সিদ্ধান্ত অনুযায়ী ১৯ মার্চ যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ফ্রান্স লিবিয়ায় প্রথম হামলা চালালেও ৩১ মার্চ অভিযানের দায়িত্ব নেয় ন্যাটো বাহিনী।
ইউনিসের বক্তব্যের প্রতিক্রিয়ায় ন্যাটোর মুখপাত্র ওয়ানা লুঙ্গেস্কু বলেন, "ন্যাটো দায়িত্ব নেওয়ার পর থেকে অভিযানের মাত্রা একটুও কমেনি। আমরা আমাদের দায়িত্ব পালন করছি।"
অন্য এক কর্মকর্তা বলেন, "বিদ্রোহীরা আমাদের নাও দেখতে পারে। আমরা হয়তো একশ' বা দেড়শ' কিলোমিটার দূরে রয়েছি। যুদ্ধক্ষেত্র থেকে বেশ দূরে অবস্থান করায় বিদ্রোহীরা আমাদের সম্পর্কে অবগত নাও থাকতে পারে।"
এর আগে ন্যাটো জানায়, বিমান হামলায় গাদ্দাফির অনুগত বাহিনীর ক্ষমতা এক তৃতীয়াংশের মতো কমলেও তারা বিমান হামলায় বাধা সৃষ্টি করতে বেসামরিক এলাকায় ঢুকে পড়ছে।
ব্রাসেলসে ন্যাটোর ঊর্ধ্বতন কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মার্ক ভ্যান উহম বলেন, "জনগণকে বর্ম হিসেবে ব্যবহার করা হলে সেখানে আমরা অভিযান চালাই না।"
"ভারী সাজোয়া যান লুকিয়ে রেখে ট্রাক ও হালকা যান ব্যবহার করছে গাদ্দাফি বাহিনী।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/এএইচ/এমআই/১৪৪৮ ঘ.
bdnews24