আবিদজান, এপ্রিল, ৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স/বিবিসি)--- আইভরি কোস্টে সেনাঘাঁটির ওপর জাতিসংঘ বাহিনীর হামলার পর মঙ্গলবার নতুন করে বাগবোর প্রাসাদে চড়াও হয়েছে ওয়াত্তারা অনুগত বাহিনী। তুমুল লড়াইয়ের মুখে সপরিবারে বাসভবনের বেজমেন্টে আশ্রয় নিয়েছেন বাগবো।
আইভরি কোস্টের আন্তর্জাতিক স্বীকৃতিপ্রাপ্ত প্রেসিডেন্ট আলাসানে ওয়াত্তারা অনুগত বাহিনী ক্ষমতা দখল করে থাকা প্রেসিডেন্ট ল্যঁরা বাগবোর বাসভবন ঘিরে ফেলার দাবি করেছে।
প্রেসিডেন্টের বাসভবন পুরোপুরি ঘিরে ফেলা হয়েছে এবং বাগবো সপরিবারে বাঙ্কারে আশ্রয় নিয়েছেন বলে জানিয়েছেন ওয়াত্তারাপন্থি বাহিনীর ঊর্ধ্বতন এক সেনাসূত্র। তবে এ দাবির সত্যতা যাচাই করা যায়নি।
ওদিকে, দুপক্ষের মধ্যে এখন একটি অস্ত্রবিরতি হয়েছে বলে জানিয়েছেন বাগবোর পররাষ্ট্রমন্ত্রী আলসাইদে জেজে। তবে ওয়াত্তারা অনুগত বাহিনী কিংবা জাতিসংঘ এ খবর নিশ্চিত করেনি।
জাতিসংঘ বলেছে, বাগবোর সামরিক ও বেসামরিক উপদেষ্টারা তাকে ছেড়ে যাচ্ছেন। কিন্তু পুরো পরিস্থিতিটা এখনো স্পষ্ট বোঝা যাচ্ছে না।
আগের খবরে বলা হয়েছে, ওয়াত্তারা বাহিনী আবিদজানে বাগবোর বাসভবন দখলের দাবি করেছে। কিন্তু বাগবো অনুগত বাহিনীর এক সামরিক সূত্র এ দাবি অস্বীকার করেছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক ওই সূত্র মঙ্গলবার রয়টার্সকে জানান, "বোমা হামলা সত্ত্বেও আমরা প্রাসাদ, বাসভবন এবং সব সেনাঘাঁটিতেও অবস্থান ধরে রেখেছি।"
সোমবার বাগবোর অনুগত সেনাবাহিনীর বিভিন্ন ঘাঁটি লক্ষ্য হামলা চালায় জাতিসংঘ ও ফরাসি বাহিনী। এরপরই মঙ্গলবার বাগবোর প্রেসিডেন্ট প্রাসাদে বড় ধরনের হামলা শুরু করে ওয়াত্তারা বাহিনী।
আবিদজানে বাগবোর প্রসাদ এলাকায় দুই প্রতিপক্ষের মধ্যে সকালে ভারি অস্ত্র নিয়ে লড়াই এবং মেশিনগানের গুলি বিনিময় হয়েছে। ওয়াত্তারা অনুগত বাহিনী ৫ দিন আগে আবিদজানে প্রবেশ করার পর দুপক্ষের মধ্যে এটিই প্রচণ্ড লড়াই।
ওয়াত্তারা অনুগত বাহিনী জানায়, তারা ইউনিফর্মবিহীন মিলিশিয়াদের প্রতিরোধের সম্মুখীন হয়েছে। কয়েকটি ভবনের ওপর থেকে গুলি ছুড়ে ওয়াত্তারা অনুগত বাহিনীর অগ্রযাত্রা রোধের চেষ্টা চালায় মিলিশিয়ারা।
দেশে বিশৃঙ্খল পরিস্থিতির মধ্যে বাগবো আত্মসমর্পণের জন্য আলোচনা করেছেন বলে জানানো হয় আরেকটি খবরে। ফ্রান্সে আইভরি কোস্টের রাষ্ট্রদূত মঙ্গলবার এ খবর জানান।
কিন্তু প্যারিসে বাগবোর এক উপদেষ্টা এ খবর অস্বীকার করে বলেন, বাগবো তার বাসভবনেই আছেন এবং তিনি আত্মসমর্পণ করবেন না।
বাগবোর মুখপাত্রও এএফপি বার্তা সংস্থাকে বলেন, তার আত্মসমর্পণ করার মতো কোনো পরিস্থিতি সৃষ্টি হয়নি।
তবে বাগবোর সেনারা ওয়াত্তারা বাহিনীর সঙ্গে লড়াই বন্ধ করেছে। বাগবোর সেনাপ্রধান জেনারেল ফিলিপ মঙ্গু এএফপি কে একথা বলেছেন বলে খবর পাওয়া গেছে।
তিনি বলেন, আবিদজানে আমাদের কয়েকটি অবস্থানের ওপর ফরাসি বাহিনীর বোমা হামলার পর আমরা আমাদের পক্ষ থেকে লড়াই বন্ধ করেছি এবং কমান্ডার জেনারেলকে যুদ্ধবিরতি করার অনুরোধ জানিয়েছি।
ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী অ্যালে জুপে বলেছেন, বাগবো ক্ষমতা থেকে সরে দাঁড়ানো নিয়ে আলোচনা করছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৯৩৭ ঘ.
bdnews24