ঢাকা, এপ্রিল ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতিসংঘ এবং ফ্রান্সের সেনাবাহিনী আইভরি কোস্টের ক্ষমতা দখল করে থাকা প্রেসিডেন্ট ল্যঁরা বাগবোর অনুগত সেনাবাহিনীর ঘাঁটি লক্ষ করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।
দেশটির রাজধানী আবিজানে প্রেসিডেন্ট বাসভবনের কাছাকাছি এবং দুটি সেনাকেন্দ্রে সোমবার এই হামলা চালানো হয় বলে আল জাজিরা জানায়।
জাতিসংঘের মুখপাত্র হামাদোওন টোওরে আল জাজিরাকে বলেন, "আবিদজানে সাধারণ মানুষ ও জাতিসংঘের শান্তিরক্ষীদের ওপর আইভরি কোস্টের সেনারা যেন ভারি অস্ত্র নিয়ে হামলা চালাতে না পারে সেজন্য আমরা একটি অভিযান চালিয়েছি।"
টোওরে বলেন, "বাগবো অনুগত সেনাবাহিনী আবিদজানের বিভিন্ন ক্যাম্পে ভারি অস্ত্র সংরক্ষণ করেছে। ওই ক্যাম্পগুলোই ছিল আমাদের লক্ষ্য।"
সাধরণ মানুষকে রক্ষার অধিকার জাতিসংঘের রয়েছে, সেইসঙ্গে বাগবো ও ওয়াতারার বাহিনীর মধ্যে চলমান লড়াইয়ে জাতিসংঘ হস্তক্ষেপ করবে না জানিয়ে টোওরে বলেন, "দুটি বিবদমান সেনাবাহিনীর মধ্যে এই যুদ্ধ চলছে। আমরা কোনো পক্ষের নই, নিরপেক্ষ। সেকারণেই আমরা এতে হস্তক্ষেপ করবো না।"
আলাসানে ওয়াতারাপন্থী বাহিনী বর্তমানে আবিদজানের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করছে।
এক বিবৃতিতে ফ্রান্সের প্রেসিডেন্ট নিকোলা সারকোজি বলেন, জাতিসংঘের মহাসচিব বান কি মুনের আহ্বানের পরিপ্রেক্ষিতে তিনি আইভরি কোস্টে থাকা ১৬ শ' ফরাসি সেনাকে ওই অভিযানে সহায়তার নির্দেশ দিয়েছেন।
সাধারণ নাগরিকদের ওপর আরো হামলা প্রতিরোধ করতেই জাতিসংঘের শক্তি প্রয়োগ করা প্রয়োজন বলে মন্তব্য করেছেন মুন।
এক বিবৃতিতে জাতিসংঘ মহাসচিব বলেন, "গত কয়েকদিনে জনাব বাগবো অনুগত বাহিনী আবিদজানে সাধারণ নাগরিকদের ওপর মর্টার, রকেটচালিত গ্রেনেড এবং ভারি মেশিনগানসহ হামলা ক্রমশ বাড়িয়েছে।"
এদিকে, আবিদজানে ল্যঁরা বাগবোর বাসভবন ওয়াতারার বাহিনী দখল করে নিয়েছে বলে দাবি করেছে। অবশ্য এ সময় বাগবো সেখানে অবস্থান করছিলেন কি না সে বিষয়টি নিশ্চিত হওয়া সম্ভব হয়নি।
প্রসঙ্গত, গত বছরের শেষ দিকে দীর্ঘ সময় ধরে চলা গৃহযুদ্ধ শেষ হওয়ার পর দেশটিতে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। এই নির্বাচনে জয়ী হন আলাসানে ওয়াতারা। কিন্তু নির্বাচন কমিশন ঘোষিত ওই ফলাফল আন্তর্জাতিক বিভিন্ন চাপ উপেক্ষা করে তিনি এখনো ক্ষমতায় রয়েছেন।
এ পরিস্থিতিতে দেশটিতে আবার গৃহযুদ্ধ শুরু হয়েছে। ক্ষমতা দখলের লড়াইয়ে নেমেছে বাগবো ও ওয়াতারা শিবির। ফলে দেশটিতে এখন চরম বিশৃঙ্খল পরিস্থিতি বিরাজ করছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১১৪৮ ঘ.
bdnews24