২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রেসিডেন্ট পদে আবার লড়বেন ওবামা

নতুন মেয়াদে নির্বাচিত হতে ২০১২ সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন বারাক ওবামা। ভিডিও

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Apr 2011, 01:36 PM

Updated : 24 Aug 2022, 02:49 PM

ওয়াশিংটন, এপ্রিল ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নতুন মেয়াদে নির্বাচিত হতে ২০১২ সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন বারাক ওবামা। নিজের অফিসিয়াল ওয়েবসাইটে সোমবার ভিডিওচিত্র প্রকাশ এবং সমর্থকদের পাঠানো ইমেইলে এ বিষয়ে তার পরিকল্পনা জানান ওবামা। লাখ লাখ মার্কিন নাগরিকের সঙ্গে ওবামার অনলাইন যোগাযোগ রয়েছে। ২০০৮ সালে রিপাবলিকান প্রার্থী জন ম্যাককেইনকে হারিয়ে প্রেসিডেন্ট হওয়ার ক্ষেত্রে বড় ভূমিকা রেখেছিলো তার এই অনলাইন যোগাযোগ। ইমেইলে ওবামা জানান, আনুষ্ঠানিকভাবে পুনর্র্নিবাচনের দৌড় শুরুর জন্য কাগজপত্র তৈরি করা হচ্ছে। "আপনারা যেসব কাজের জন্য আমাকে নির্বাচিত করেছেন সেগুলোর ওপর আমি জোর দিচ্ছি এবং এক বছর বা তার বেশি সময়ের মধ্যে নির্বাচনী প্রচার পুরোদমে শুরু নাও হতে পারে। তবে আমাদের প্রচারণার গোড়ার কাজ অবশ্যই আজ শুরু হবে।" তিনি বলেন, আমরা সবসময় জানি দীর্ঘমেয়াদি পরিবর্তন খুব সহজেই বা স্বল্প সময়ে আসে না। তবে আমাদের আনা অগ্রগতি রক্ষায় আমার প্রশাসন ও দেশবাসী লড়াই করছে। "আরো অগ্রগতি অর্জনে ২০১২ সালের জন্য আমাদেরকে সংগঠিত হতে হবে এবং তা জোর প্রচারণা চালানোর বেশ আগেই শুরু করতে হবে।" বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, ওবামার নির্বাচনী প্রচার দল সমর্থকদের উদ্দেশে বলেছে, গত চার বছরে যেসব কাজ হয়েছে সেগুলো দিয়ে না হওয়া কাজের ব্যর্থতাকে ঢেকে দিতে হবে। ২০০৮ সালে পরিবর্তনের কথা বলে নির্বাচনী প্রচার চালান ওবামা। এবার ওবামার বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতার জন্য রিপাবলিকান পার্টির মনোনয়ন প্রত্যাশীর দলে অনেকেই রয়েছেন। তবে মিনেসোটার সাবেক গভর্নর টিম পাওলেন্টিই আনুষ্ঠানিকভাবে নিজের প্রার্থিতা ঘোষণা করবেন বলে সংশ্লিষ্টরা ধারণা করছেন। বিপুল জনসমর্থন নিয়ে ২০০৯ সালের জানুয়ারিতে দায়িত্ব গ্রহণ করেন ওবামা। তবে তার দু' বছরের মধ্যেই জনপ্রিয়তায় ভাটা পড়ে মার্কিন প্রেসিডেন্টের। ২০১০ সালের নভেম্বরে কংগ্রেসের মধ্যবর্তী নির্বাচনে ওবামার ডেমোক্র্যাটিক পার্টি কংগ্রেসের নিুকক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভসের নিয়ন্ত্রণ হারায়। তখন সিনেটেরও কয়েকটি আসন হারায় ডেমোক্র্যাটরা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/পিডি/১৯৩৭ ঘ.