ব্রাসিলিয়া, এপ্রিল ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ব্রাজিলে সন্ত্রাসী সংগঠন আল কায়েদা সংশ্লিষ্টদের তৎপরতা বাড়ছে বলে দেশটির শীর্ষস্থানীয় একটি সাপ্তাহিক জানিয়েছে।
শনিবার ভেজা সাপ্তাহিকের অনলাইন সংস্করণের এক প্রতিবেদনে বলা হয়, আল কায়েদা, লেবাননের হিজবুল্লাহ এবং ফিলিস্তিনের উগ্রপন্থী সংগঠন হামাসের সঙ্গে সংশ্লিষ্ট অন্তত ২০ জন মানুষ ব্রাজিলে লুকিয়ে রয়েছে। তারা গোপনে বিদেশে হামলা পরিকল্পনা, তহবিল সংগ্রহ এবং সমর্থক যোগাড় করছে।
প্রতিবেদনে ব্রাজিলিয়ান পুলিশ ও যুক্তরাষ্ট্র সরকারের উদ্ধৃতি দিলেও হামলা পরিকল্পনার সুনির্দিষ্ট লক্ষ্যবস্তু সম্পর্কে বিস্তারিত কিছু বলা হয়নি।
যুক্তরাষ্ট্রের অভিযোগ ব্রাজিল, প্যারাগুয়ে ও আর্জেন্টিনার সীমান্ত অঞ্চলে কর্মকাণ্ড পরিচালনা করছে মুসলিম জঙ্গিরা। তবে তাদের সে অভিযোগ নাকচ করে আসছে ব্রাজিল।
ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট লুই ইনাসিও লুলা ডি সিলভা ইরানের পরমাণু প্রকল্প নিয়ে মধ্যস্ততার প্রস্তাব দেওয়ায় যুক্তরাষ্ট্র ক্ষুব্ধ হয়। তবে সে টানাপোড়েন কাটিয়ে উঠার চেষ্টা চালাচ্ছেন জানুয়ারিতে ক্ষমতায় আসা বর্তমান প্রেসিডেন্ট ডিলমা রৌসেফ।
ভেজার প্রতিবেদনে বলা হয়, ১৯৯৮ সাল থেকে লেবাননের নাগরিক খালেদ হোসেন আলী
ব্রাজিলে বসবাস করছে। আল-কায়েদার প্রচারণা কার্যক্রম পরিচালনা এবং আরো ১৭টি দেশের উগ্রপন্থীদের সমন্বয় করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন।
২০০৯ সালে আল কায়েদার সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে ব্রাজিলে গ্রেপ্তার হন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএন/এএইচ/১৭৪৯ঘ.
bdnews24