ম্যাক্সিকো, এপ্রিল ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মেক্সিকোয় মাদক সংশ্লিষ্ট সহিংসতায় ২০০৬ সাল থেকে পাঁচ হাজারেরও বেশি মানুষ নিখোঁজ হয়েছে।
মেক্সিকোর মানবাধিকার কমিশন 'সিএনডিএইচ' এক প্রতিবেদনে বলেছে, দেশে মাদক সংশ্লিষ্ট সহিংসতায় পাঁচ হাজার ৩৯৭ জন মানুষ নিখোঁজ হয়েছে। তাদের মধ্যে ৩ হাজার ৪৫৭ জন পুরুষ এবং ১ হাজার ৮৮৫ জন নারী রয়েছে।
নিখোঁজ সংক্রান্ত অপর ৫৫টি ঘটনার বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি বলে জানায় সিএনডিএইচ।
বিবিসি জানায়, প্রেসিডেন্ট ফেলিপ ক্যালডেরন মাদক ব্যবসায়ী চক্রের বিরুদ্ধে লড়াই ঘোষণার পর থেকে এসব মানুষ নিখোঁজ হয়েছেন।
জাতিসংঘ বলেছে, মানুষের নিখোঁজ হওয়ার পিছনে নিরাপত্তা বাহিনীরও ভূমিকা রয়েছে।
সরকারি কর্তৃপক্ষ, নিখোঁজদের আত্মীয় এবং এ সংক্রান্ত প্রতিবেদনের ওপর ভিত্তি করে তথ্য সংগ্রহ করেছে সিএনডিএইচ।
নিখোঁজদের মধ্যে অনেককে মুক্তিপণ চেয়ে অপহরণ করা হয় বলে প্রতিবেদনে বলা হয়।
প্রেসিডেন্ট ক্যালডেরন দেশটিতে মাদক বিরোধী লড়াইয়ে ৫০ হাজারের মতো নিরাপত্তা বাহিনীর সদস্য নিয়োজিত করেছে।
প্রেসিডেন্ট কালডেরন ক্ষমতা গ্রহণের পর এ পর্যন্ত দেশটিতে মাদক সংশ্লিষ্ট সহিংসতায় ৩৪ হাজারেরও বেশি লোকের প্রাণহানি ঘটেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএন/এএইচ/১৭১৮ঙ.
bdnews24