ঢাকা, এপ্রিল ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাপানের ফুকুশিমা পরমাণু বিদ্যুৎকেন্দ্র থেকে তেজষ্ক্রিয় পানি যাচ্ছে সাগরে।
বিদ্যুৎকেন্দ্রটির ২ নম্বর চুল্লির ভূ-গর্ভস্থ সংরক্ষণাগারে ফাটল শনাক্ত হয় শনিবার। এ ফাটল দিয়ে নিঃসরিত তেজস্ক্রিয় পানি সাগরে মিশছে।
কেন্দ্রটি পরিচালনাকারী প্রতিষ্ঠান টোকিও ইলেকট্রিক পাওয়ার কর্পোরেশন (টেপকো) শনিবার জানিয়েছে, ওই সংরক্ষণাগারের মধ্যে ঘণ্টায় এক হাজার মিলিসিভার্টস তেজস্ক্রিয়া নিঃসরণ ঘটছে।
জাপানের পরমাণু ও শিল্প নিরাপত্তা সংস্থার (নিসা) উপপ্রধান হিদেহিকো নিশিয়ামা এক সাংবাদিক সম্মেলনে বলেন, ওই গর্তে কংক্রিট দিয়ে ফাটলটি বন্ধ করার পরিকল্পনা করছে টেপকো।
"কেন্দ্রের নিকটবর্তী সাগরের পানিতে তেজস্ক্রিয়া বাড়ার কারণ বের করার চেষ্টা করছিলাম আমরা এবং একটি জায়গা থেকেই এ তেজস্ক্রিয়া ছড়াচ্ছে।"
এর আগে কেন্দ্রটির নিকটবর্তী সাগরের পানিতে সহনীয় মাত্রার চার হাজার গুণ বেশি তেজস্ক্রিয়া শনাক্ত হয়।
তবে কেন্দ্রর অন্য পাঁচটি চুল্লিতে কোনো ফাটল নেই বলে জানান কর্মকর্তারা।
গত ১১ মার্চ ৮ দশমিক ৯ মাত্রার ভূমিকম্প ও তার প্রভাবে সৃষ্ট ৩৩ ফুট সুনামিতে ভেসে যাওয়া জাপানের উত্তরপূর্বাঞ্চল শনিবার প্রথমবারের মতো সফর করেন প্রধানমন্ত্রী নাওতো কান।
ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ফুকুশিমা কেন্দ্রের চারপাশের ২০ কিলোমিটার এলাকা থেকে আগেই অধিবাসীদের সরিয়ে নেওয়া হয়েছে। এদিন ওই এলাকার একটি গ্রাম পরিদর্শন করেছেন কান।
কান বলেন, এটা দীর্ঘমেয়াদি সংগ্রামের মতো হবে। তবে শেষ পর্যন্ত সরকার আপনাদের সঙ্গে একযোগে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/পিডি/০০২৬ ঘ.
bdnews24