দামেস্ক, এপ্রিল ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- রাজনৈতিক পরিবর্তন ও জীবনমান উন্নয়নের দাবিতে সমগ্র আরবজুড়ে শুক্রবার জুমার নামাজের পর অনুষ্ঠিত বিক্ষোভে নিরাপত্তাবাহিনীর গুলিতে কমপক্ষে ৪ জন নিহত হয়।
নিহতদের মধ্যে ৩ জন সিরীয় ও একজন ওমানি বলে জানা যায়। এছাড়া অন্যান্য আরব অঞ্চলে অপেক্ষাকৃত শান্তিপূর্ণ বিক্ষোভ অনুষ্ঠিত হয়।
সিরিয়ার রাজধানী দামেস্কের শহরতলী দউমা থেকে প্রত্যক্ষদর্শীরা জানায়, 'মুক্তি', 'মুক্তি' বলে স্লোগানরত প্রায় ২ হাজার মানুষের একটি মিছিল লক্ষ করে পুলিশ গুলিবর্ষণ করলে ঘটনাস্থলেই ৩ জন নিহত হয়।
রাষ্ট্রীয় সানা নিউজ এজেন্সি সরকারিসূত্রের বরাত দিয়ে জানায়, দউমাতে জড়ো হওয়া নাগরিক ও নিরাপত্তারক্ষীদের লক্ষ করে 'সশস্ত্র গোষ্ঠী' ভবনের ছাদের উপর থেকে গুলিবর্ষণ করলে কয়েক ডজন মানুষ হতাহত হয়।
সিরিয়ার আন্দোলনকারীরা জানিয়েছে, শুক্রবার নামাজের পর দামেস্ক, উপকূলীয় শহর বানিয়াস, লাতাকিয়া বন্দর এবং দক্ষিণাঞ্চলীয় শহর দেরায় প্রেসিডেন্ট বাশার আল আসাদের বক্তব্য প্রত্যাখ্যান করে তার পদত্যাগের দাবিতে হাজার হাজার লোক বিক্ষোভ করে।
ওদিকে, ওমানের শিল্পশহর সোহারে অধিক মজুরি ও কাজের দাবিতে বিক্ষোভরত শত শত বিক্ষোভকারী নিরাপত্তা বাহিনীর সাথে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় নিরাপত্তারক্ষীদের রাবার বুলেটের আঘাতে একজন নিহত হয় বলে সরকারি সূত্রগুলো জানায়।
ইয়েমেনের রাজধানী সানায় লক্ষ লক্ষ বিক্ষোভকারী খণ্ড খণ্ড মিছিল নিয়ে প্রেসিডেন্ট আলি আবদুল্লাহ সালেহর শাসনের বিরুদ্ধে বিক্ষোভ করে। এক জনসভায় সালেহ জানান, তিনি ইয়েমেনের জন্য সর্বস্ব ত্যাগ করেছেন। এসময় তিনি বিক্ষোভের মুখে পদত্যাগ না করার ইঙ্গিত দেন।
বাহরাইনের সরকার বৃহস্পতিবার রাতে শীর্ষস্থানীয় একজন সাইবার আন্দোলনকারী মাহামুদ আল ইউসিফ কে মুক্তি দিয়েছে। কিন্তু অন্য কয়েকজন সরকারবিরোধীকে আটক করেছে।
সৌদি আরবের তেল সমৃদ্ধ পূর্বাঞ্চলে কয়েকশত শিয়া নিজেদের রাজনৈতিক স্বাধীনতার দাবিতে ও বাহরাইনের শিয়াদের সমর্থনে শান্তিপূর্ণ প্রতিবাদ মিছিল করে বলে আন্দোলনকারীরা জানায়।
মিশরের রাজধানী কায়রো, বন্দরনগর আলেকজান্দ্রিয়াসহ কয়েকটি শহরে জুমার নামাজের পর মিছিল বের হয়। মিছিলকারীরা ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মোবারক ও তার সহযোগীদের বিচারের দাবিতে স্লোগান দেয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/সিআর/১৫৪১ ঘ.
bdnews24