ত্রিপোলি/আজদাবিয়া, এপ্রিল ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- শর্ত সাপেক্ষে লিবিয়ায় অস্ত্রবিরতির আহ্বান জানিয়েছে বিদ্রোহীরা। কিন্তু বিদ্রোহীদের প্রস্তাবকে 'পাগলামি' আখ্যা দিয়ে প্রত্যাখ্যান করেছে লিবীয় সরকার।
বিদ্রোহীদের দখলে থাকা শহরগুলোতে গাদ্দাফি অনুগত বাহিনীর হামলা বন্ধ, পশ্চিমাঞ্চলীয় শহরগুলোতে মতপ্রকাশ ও শান্তিপূর্ণ আন্দোলনের স্বাধীনতা এবং গাদ্দাফিসহ তার ছেলেদের লিবিয়া ত্যাগের শর্তে অস্ত্রবিরতির আহ্বান জানায় বিদ্রোহীরা।
শুক্রবার সকালে বেনগাজিতে জাতিসংঘের প্রতিনিধির সঙ্গে আলোচনা শেষে বিদ্রোহীদের পক্ষ থেকে এই আহ্বান জানানো হয়।
লিবীয় বিদ্রোহীদের জাতীয় পরিষদের প্রধান মুস্তাফা বেনগাজিতে আবদেল জলিল জাতিসংঘের বিশেষ দূত আবদেল্লিলা আল-খতিবসেটের সঙ্গে আলোচনা শেষে সাংবাদিকদের বলেন, "অস্ত্রবিরতির ব্যাপারে আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু লিবিয়ার পশ্চিমাঞ্চলীয় শহরগুলোতে মতপ্রকাশের পূর্ণ স্বাধীনতা দিতে হবে। আমাদের মূল দাবি গাদ্দাফি ও তার ছেলেদের লিবিয়া ছাড়তে হবে। এই দাবি থেকে আমরা কিছুতেই সরে আসবো না।"
এর কয়েক ঘণ্টা পরই ত্রিপোলিতে সাংবাদিকদের উদ্দেশে সরকারি মুখপাত্র মুসা ইব্রাহিম বলেন, "তারা (বিদ্রোহীরা) আমাদের অধিকৃত শহরগুলো ছেড়ে দেওয়ার দাবি জানিয়েছে। এটা যদি পাগলামি না হয় তবে পাগলামি কি আমার জানা নেই। আমরা আমাদের শহরগুলো ছাড়বো না।"
মিসরাতে বিদ্রোহীদের মুখপাত্র সামি টেলিফোনে রয়টার্সকে জানান, "তারা (গাদ্দাফি অনুগত বাহিনী) ট্যাঙ্ক, রকেটচালিত গ্রেনেড, মর্টারসহ শহরে হামলা চালায়। তারা এক নাগাড়ে এই হামলা চালাচ্ছে এবং তা বাড়ছেই।"
কর্তৃপক্ষের বাধার কারণে এই শহর থেকে সাংবাদিকরা স্বাধীনভাবে প্রতিবেদন পাঠাতে পারছেন না।
গাদ্দাফি সরকারের মুখপাত্র ইব্রাহিম পশ্চিমা নেতাদের বিরুদ্ধেই 'মানবতার বিরুদ্ধে অপরাধ' সংঘটনের অভিযোগ তুলে বলেন, পশ্চিমা জোটের সর্বশেষ বিমান হামলায় অন্ততপক্ষে ছয়জন সাধারণ নাগরিক নিহত হয়েছে।
তিনি আরো বলেন, "ইউরোপের কতিপয় উন্মাদ ও কুচক্রী প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি আরবের মুসলিম জাতিগুলোর বিরুদ্ধে ক্রুসেডে নেতৃত্ব দিচ্ছেন।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১১২৯ ঘ.
bdnews24