দামেস্ক, এপ্রিল ১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- সিরিয়ায় প্রেসিডেন্ট বাশার আল আসাদের সংস্কার শুরুর উদ্যোগ উপেক্ষা করে শুক্রবার নতুন করে কয়েকটি নগরীতে বিক্ষোভে নেমেছে জনতা।
প্রত্যক্ষদর্শীরা বলছে, দামেস্কে মসজিদের বাইরে জড়ো হওয়া বিক্ষোভকারীদের পিঠিয়েছে নিরাপত্তা বাহিনী।
দামেস্ক, বানিয়া, বন্দরশহর লাটাকিয়াসহ আরো কয়েকটি জায়গায় বিক্ষোভ চলছে।
দামেস্কের কার সুসেহ জেলায় শুক্রবার জুমার নামাজের পর রিফাই মসজিদের বাইরে বিক্ষোভ শুরু হতেই নিরাপত্তা বাহিনী এবং আসাদ-সমর্থকরা বিক্ষোভকারীদের ওপর লাঠিচার্জ করে। গ্রেপ্তার হয় অন্তত ৬ জন।
দামেস্কর দুমা শহরতলীতে পুলিশ বিক্ষোভ ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাস ছুড়েছে।
দেরায় বিক্ষোভ করেছে অন্তত ২ শ বিক্ষোভকারী। অনলাইনে শুক্রবার দেশব্যাপী এ বিক্ষোভ ডাকা হয়।
দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার দৃঢ়সংকল্প নিয়েছে বিক্ষোভকারীরা।
শুক্রবারের এ গণবিক্ষোভের আগেই সংস্কারের উদ্যোগ নিয়েছেলেন আসাদ।
দেশে বহু বছরের পুরোনো জরুরি আইন তুলে নেওয়ার বিষয়টি খতিয়ে দেখতে তিনি বৃহস্পতিবারই একটি আইনি কমিটি গঠনের নির্দেশ দেন। এ কমিটির কাজ শেষ হবে ২৫ এপ্রিল।
এছাড়াও আসাদের নতুন প্রতিশ্র"তিগুলোর মধ্যে রয়েছে, কুর্দিদের ভোটাধিকার মঞ্জুর করা এবং দেরা ও লাটাকিয়া শহরে বিক্ষোভকারী নিহতের ঘটনা তদন্ত করা। তদন্তের নির্দেশও তিনি ইতোমধ্যেই দিয়েছেন।
আসাদ গত বুধবার পার্লামেন্টে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে সংস্কার পরিকল্পনা ঘোষণা না করায় আন্তর্জাতিক সমালোচনার মুখে পড়েন।
উপরন্তু চলমান বিক্ষেভের মধ্যে নতুন করে আরো বিক্ষোভের পরিকল্পনায় তার ওপর নজিরবিহীন চাপ সৃষ্টি হয়।
ফলে শেষ পর্যন্ত সংস্কার শুরু করার উদ্যোগ নেন আসাদ। কিন্তু তার এ পদক্ষেপে জনরোষ কমেনি।
আর সমালোচকরাও আসাদের সংস্কারের সদিচ্ছা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৮৫১ ঘ.
bdnews24