ঢাকা, এপ্রিল ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আজেন্টিনায় ১৯৭৬-৮৩ সাল পর্যন্ত সেনা শাসনামলে কুখ্যাত বন্দিশিবির পরিচালনার অভিযোগে সাবেক জেনারেল এদোয়ার্দো কাবানিলাসকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে দেশটির আদালত।
এ ছাড়া খুন করার অভিযোগে আরো তিন সাবেক গোয়েন্দা কর্মকর্তাকে আদালত দোষী সাব্যস্ত করে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে বলে শুক্রবার বিবিসি অনলাইন জানায়।
কাবানিলাস ছাড়াও সাবেক গোয়েন্দা প্রতিনিধি হোনোরিও মার্টিনেজ ও এদোয়ার্দো রুফোকে ২৫ বছর এবং সাবেক সেনা গোয়েন্দা কর্মকর্তা রাউল গুগলিয়েলমিনেত্তিকে ২০ বছর করে কারাভোগের দণ্ড দেওয়া হয়।
প্রায় ২শ' বামপন্থী আন্দোলনকারীকে অপহরণ করে বুয়েন্স আয়ার্সের অটোমোটোরেস ওরলেত্তি নামে গোপন বন্দিশিবিরে নিয়ে যাওয়া হয়।
অপহৃত ওইসব রাজনৈতিক আন্দোলনকারীদের অধিকাংশই ছিলেন উরুগুয়ের নাগরিক। এ ছাড়া চিলি, বলিভিয়া, পেরু ও কিউবার নাগরিকও বন্দিদের মধ্যে ছিলেন।
সামরিক বাহিনী পরিচালিত অন্য বন্দিশিবিরগুলোতে আর্জেন্টিনার হাজার হাজার মুক্তিকামী মানুষকে নির্যাতন ও হত্যা করা হয়।
এসব অপরাধ দক্ষিণ আমেরিকার সেনা শাসকদের মিলিতভাবে পরিচালিত অপারেশন 'কনডর'র অংশ। বিরোধীদের আন্দোলন দমনে এই অভিযান চালানো হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১৪৫৫ ঘ.
bdnews24